Viral Video

আগুনের গোলা না পরমাণু বিস্ফোরণ! কাদার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশ জুড়ে অগ্নিকাণ্ড, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভয়াবহ ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ইনফরম্যান্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৫
Share:

কাদার আগ্নেয়গিরি থেকে তৈরি হল আগুনের বিশাল গোলা। ছবি: এক্স থেকে নেওয়া।

কলম্বিয়ার আকাশে দেখা গেল বিশাল আগুনের গোলা। সান হুয়ান দে উরাবায় কাদার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ওই আগুনের গোলাটি দেখা যায়। বুধবারের সেই ঘটনায় বেশ কয়েকটি প্রাণীর মৃত্যু হয়েছে। সিয়েট ভুয়েলটাস জেলার দিকে যাওয়ার রাস্তা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। যদিও এখনও পর্যন্ত কোনও মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

কাদার আগ্নেয়গিরি দেখা যায় না বললেই হয়। গনগনে লাভা নয়। অতলান্ত জল ফুঁড়ে বেরিয়ে আসে কয়েকশো ফুট উঁচু পাহাড়প্রমাণ কাদার তাল। সঙ্গে উঠে আসে অত্যন্ত উষ্ণ জলের ধারা। ফোয়ারার মতো। বিজ্ঞানীরা বলছেন, এটাই ‘মাড ভলক্যানো’ বা কাদার আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতে পৃথিবীর অন্দর থেকে লাভার স্রোত বেরিয়ে আসার ঘটনা যতটা স্বাভাবিক, পাহাড়প্রমাণ কাদার তাল বেরিয়ে আসার ঘটনা ততটাই বিরল। কাদার আগ্নেয়গিরির মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, বিশেষ করে মিথেন। আর তাতেই আগুন লেগে মাঝেমধ্যে বিপত্তি বাধে। সাধারণত আগ্নেয়গিরির তুলনায় ‘মাড ভলক্যানো’ কম ধ্বংসাত্মক। তবে বিষাক্ত গ্যাস গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বে এমন কাদার আগ্নেয়গিরি রয়েছে প্রায় হাজারটি। তবে সেগুলির বেশির ভাগই রয়েছে ছোট ছোট দ্বীপে। তেমনই একটি কাদার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত দেখা গেল কলম্বিয়ায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটার অনতিবিলম্বে দমকল কর্মীরা আগুন নেবানোর কাজ শুরু করেন। ওই এলাকায় জরুরি পরিষেবাও মোতায়েন করা হয়। সাধারণ নাগরিকদের বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সান জুয়ান দে উরাবার সরকারি সচিব হোসে ইগনাসিয়ো দিয়াজ় সালগাদো বলেন, ‘‘সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কয়েকটি বাড়ি খালি করা হয়েছে। বুধবার রাতেই স্থানীয় দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখনও পর্যন্ত কোনও মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির চারপাশে গাছপালায় আগুন লেগে বেশ কিছু প্রাণী মারা গিয়েছে।’’

Advertisement

সান জুয়ান দে উরাবায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই কাদার আগ্নেয়গিরির ফলে সৃষ্ট আগুনের গোলার ভিডিয়ো ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে পাহাড়প্রমাণ ভয়ঙ্কর আগুনের গোলা আকাশে ছড়িয়ে পড়েছে।

ভয়াবহ সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ইনফরম্যান্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। নেটাগরিকদের অনেকে আবার আগুনের ওই গোলার সঙ্গে পরমাণু বোমা বিস্ফোরণেরও তুলনা টেনেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পরমাণু বোমা ফেটেছে। এমন ভয়ঙ্কর দৃশ্য আগে কখনও দেখিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement