Viral Video

লিফ্‌টে আটকে যাচ্ছিল দুই শিশু! বাঁচাতে ঝাঁপ ‘নির্ভীক সিংহী’র, সর্বশক্তি দিয়ে আটকাল দরজা, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসনের লিফ্‌টের ভিতরে দাঁড়িয়ে রয়েছে দুই শিশুকন্যা। বাইরে দাঁড়িয়ে তৃতীয় এক শিশুকন্যা এবং এক কিশোরী। এমন সময় লিফ্‌টের দরজা বন্ধ হওয়ার উপক্রম হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯
Share:

দুই শিশুকে উদ্ধার করতে মরিয়া চেষ্টা কিশোরীর। ছবি: এক্স থেকে নেওয়া।

ত্রুটিপূর্ণ লিফ্‌টে আটকে পড়ছিল দুই শিশু। বিপদ বুঝতে পেরেই ঝাঁপিয়ে পড়ল এক অসমসাহসী কিশোরী। দু’হাত দিয়ে প্রাণপণে আটকে রাখল লিফ্‌টের দরজা। উদ্ধারও করল দুই শিশুকে। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসনের লিফ্‌টের ভিতরে দাঁড়িয়ে রয়েছে দুই শিশুকন্যা। বাইরে দাঁড়িয়ে তৃতীয় এক শিশুকন্যা এবং এক কিশোরী। এমন সময় লিফ্‌টের দরজা বন্ধ হওয়ার উপক্রম হয়। দুই শিশুকন্যা ভিতরেই আটকা পড়তে পারে আঁচ করে ঝাঁপিয়ে পড়ে কিশোরী। লিফ্‌ট আটকাতে দরজার ফাঁকে পা এবং হাত ঢুকিয়ে দেয় সে। সর্বশক্তি দিয়ে আটকে রাখে লিফ্‌ট। তার চিৎকার শুনে আবাসনের কয়েক জন মহিলা দৌড়ে আসেন। সাহায্য করেন কিশোরীকে। এর পর ওই কিশোরী ভিতরে ঢুকে দুই শিশুকন্যাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এর পর সঙ্গে সঙ্গে লিফ্‌টের দরজা বন্ধ হয়ে যায়। লিফ্‌টের অন্দরে থাকা একটি সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শ্রীসত্য’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘লিফ্‌টটি খারাপ নিশ্চয়ই। সাধারণ লিফ্‌টের দরজা বাধা পাওয়ার পর সঙ্গে সঙ্গে খুলে যায়। ভাগ্য ভাল কারও কিছু হয়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কিশোরীকে কুর্নিশ। অসমসাহসী। যেন এক নির্ভীক সিংহী সুপারহিরোর মতো এসে বাঁচাল। তবে এতে বাবা-মায়েরও অবহেলা রয়েছে। এত ছোট শিশুদের অভিভাবক ছাড়া লিফ্‌টে উঠতে দেওয়া উচিত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement