স্বয়ংক্রিয় সিঁড়িতে দুই তরুণীর ঝামেলা। ছবি: এক্স থেকে নেওয়া।
এসক্যালেটর বা স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠতে যাচ্ছিলেন। তরুণীকে পিছন থেকে চুলের মুঠি ধরে টেনে নামালেন অন্য এক তরুণী। চলমান সিঁড়ির মধ্যেই যুদ্ধ শুরু করলেন তাঁরা। একে অপরকে চড়চাপড় মারলেন। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ভবনের স্বয়ংক্রিয় সিঁড়ি ধরে উপরের তলায় উঠছেন অনেক জন। তাঁদের পিছনে এক তরুণীও ছিলেন। তিনিও এসক্যালেটরে উঠেছিলেন। এমন সময় পিছন থেকে অন্য এক তরুণী এসে প্রথম তরুণীর চুলের মুঠি ধরেন। হ্যাঁচকা টানে তাঁকে চলমান সিঁড়ি থেকে নীচে নামিয়ে আনেন। মাটিতে ফেলে লাথিও মারেন। এর পরেই পুরোদস্তুর লড়াই শুরু হয়ে যায় দু’জনের মধ্যে। দু’জনে দু’জনের চুলের মুঠি ধরে মারপিট শুরু করেন। লড়াই চলে স্বয়ংক্রিয় সিঁড়ির উপরেই। কিছু ক্ষণ পরে থামে লড়াই। ঘটনাস্থলে উপস্থিত সকলে ওই দুই তরুণীকে অবাক হয়ে দেখতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও দুই তরুণীর মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব বেধেছিল, তা ভিডিয়ো থেকে জানা যায়নি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শূন্যতা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এসক্যালেটর যুদ্ধ। এই যুদ্ধের কথা ইতিহাসে লেখা থাকবে।’’