ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়ি থেকে পালিয়ে গেমিং পার্লারে ভিডিয়ো গেম খেলতে গিয়েছেন নাতি। নাতিকে খুঁজতে এক ভিডিয়ো গেম পার্লারে চলে গেলেন তাঁর ঠাকুমা। সেখানে গিয়ে এক তরুণের পিছনে দাঁড়িয়ে আচমকা কান মুলতে শুরু করে দিলেন তিনি। নাগাড়ে মেরে চললেন চড়-থাপ্পড়ও। তরুণ যন্ত্রণায় চিৎকার করে উঠলে ঠাকুমা লক্ষ করলেন, এ তো তাঁর নাতি নন! ভুল বুঝে অচেনা তরুণের গালে, মাথায় হাত বুলিয়ে আদর করে চুমু খেলেন বৃদ্ধা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হেডলাইন্স.ব্যান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভিডিয়ো গেমিং পার্লারে তরুণেরা খেলাধুলায় ব্যস্ত। এক বৃদ্ধা হেলমেট পরে গেমিং পার্লারের ভিতর ঢুকে পড়েছেন। হঠাৎ পিছন থেকে এক তরুণের দু’কান মুলে তাঁকে চড়-থাপ্পড় মারতে শুরু করলেন। জানা গিয়েছে, বৃদ্ধার নাতি বাড়ি থেকে ভিডিয়ো গেম খেলার জন্য পালিয়ে গিয়েছেন। নাতিকে খোঁজার জন্যই গেমিং পার্লারে চলে গিয়েছেন ঠাকুমা।
অন্য তরুণকে
নিজের নাতি ভেবে ভুল করে মারধর করে ফেলেছেন তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে তরুণের
কাছে ক্ষমা চেয়ে মাথায়-গালে হাত বুলিয়ে চুমু খেলেন। তরুণের এই অবস্থা দেখে আশপাশের
অন্য তরুণেরাও হাসাহাসি করতে শুরু করে দিলেন। অচেনা তরুণকে আদর করে ঠাকুমা আবার নাতির
খোঁজে ব্যস্ত হয়ে পড়লেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির ফোয়ারা ছুটেছে
নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আহা রে! ওই তরুণ বেচারা কোনও দোষ না
করেই মার খেয়ে গেলেন।’’