Viral Video

নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজ়ায় ধাক্কা সিলিন্ডারবাহী ট্যাঙ্কারের, মুহূর্তে ভয়ানক বিস্ফোরণ! প্রকাশ্যে ভয় ধরানো ভিডিয়ো

কানপুর থেকে প্রতাপগড়গামী সিলিন্ডার বহনকারী একটি ট্যাঙ্কার টোল প্লাজ়ায় ধাক্কা লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বীর। দুর্ঘটনায় চার জন নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৪:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

টোল প্লাজ়ায় ধাক্কা লেগে বিস্ফোরণ সিলিন্ডার বহনকারী ট্যাঙ্কারে। সেই ঘটনায় চার জন নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছেন। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বীর। ২৬ জুন সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’টি ট্যাঙ্কার একটি টোল বুথের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় একটি ট্যাঙ্কার। ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে আছড়ে পড়ে টোল প্লাজ়ায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওর্থভিউ’-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে। ৫০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। অজস্র মন্তব্য করেছেন নেটাগরিকেরা। ঘটনাটির ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। উদ্বেগও প্রকাশ করে আহতদের সুস্থতা কামনা করেছেন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কানপুর থেকে প্রতাপগড়ের উদ্দেশে যাচ্ছিল ট্যাঙ্কারটি। জানা গিয়েছে, আগুনের শিখা এতটাই তীব্র ছিল যে তা প্রায় দুই কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। এক পুলিশকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে জেলার দমকলবাহিনী এবং পুলিশকর্মীদের মোতায়েন করা হয়।

সংবাদংমাধ্যম সূত্রে খবর, ট্যাঙ্কারটির চালক ধর্মেন্দ্র দুবে (৪০) এবং টোল প্লাজ়ার কর্মচারী অলোক সিংহ ঘটনাস্থলেই নিহত হন। টোল প্লাজ়ার আরও বেশ কয়েক জন কর্মীও গুরুতর আহত হন। অবিলম্বে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে প্রয়াগরাজের অনিল কুমার ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বলে খবর। তাঁর সহকর্মী রায়বরেলীর হীরামণি সিংহ এবং মধ্যপ্রদেশের কৃষ্ণপাল মৌর্যও এক দিন পরে মারা যান। টোল প্লাজ়ার কাছে পার্ক করা ১৬টি মোটরসাইকেল ও দু’টি গাড়িও আগুনে পুড়ে সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement