ছবি: এক্স থেকে নেওয়া।
গাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী। রাজ্যপালের কনভয় যাবে বলে রাস্তা আটকে রেখেছিল পুলিশ। রেগে গিয়ে পাল্টা পদক্ষেপ করলেন যুবক। প্রতিবাদ জানাতে মাঝরাস্তায় বসে রাজ্যপালের কনভয়ই আটকানোর চেষ্টা করলেন তিনি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। কর্নাটকের রাজ্যপালের কনভয় আটকে দেন ওই যুবক। পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডাও শুরু করেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বেঙ্গালুরুর কুখ্যাত ট্র্যাফিক তো আছেই। তার উপর আবার ভিআইপি কনভয়ের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া, আর তাতেই তৈরি হয় বিশৃঙ্খলা। ভারতের সিলিকন ভ্যালির রাস্তায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আটকে পড়ে হতাশ এক নাগরিক প্রতিবাদের পথ বেছে নেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গাড়িতে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক। কিন্তু কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গহলতের কনভয় যাবে বলে ওল্ড এয়ারপোর্ট রোডে যান চলাচল আটকে রেখেছিল পুলিশ। সেখানেই গাড়ি নিয়ে আটকে যান ওই যুবক। স্ত্রীকে নিয়ে দীর্ঘ ক্ষণ যানজটে আটকে পড়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। গাড়ি থেকে বেরিয়ে রাস্তার ঠিক মাঝখানে গিয়ে বসে পড়েন।
জানা গিয়েছে, পুলিশ এসে ওই যুবককে সরানোর চেষ্টা করলেও তিনি সরতে রাজি হননি। পাল্টা জোর দিয়ে মন্তব্য করেন, এক জন সাধারণ নাগরিকের সময়ও এক জন রাজনীতিবিদের সময়ের মতোই মূল্যবান। এর পর ট্র্যাফিক ইন্সপেক্টরের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন যুবক। যুবককে বলতে শোনা যায়, ‘‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমাদেরও তো কাজ আছে, তাই না?’’ তখন পুলিশকর্মী বলেন, ‘‘এক পাশে সরুন। ওখানে দাঁড়ান।’’ যুবক পাল্টা আবার বলেন, ‘‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আপনারা সিগন্যাল আটকে রেখেছেন কেন? রাজ্যপাল ভিআইপি বলে কি আমরা কেউ না?’’ ট্রাফিক পুলিশের ওই আধিকারিক এর পর বলেন, ‘‘আপনিও এক জন ভিআইপি। নিন, এখন উঠে দাঁড়ান। চলুন চলুন। আপনি উঠবেন কি উঠবেন না?’’ তবে এর পরেও রাস্তা থেকে উঠতে রাজি হননি যুবক। তবে এর কিছু ক্ষণ পরে উঠে পড়েন যুবক। রাস্তা দিয়ে পেরিয়ে যায় রাজ্যপালের কনভয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রাঞ্জল প্রিন্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ যেমন যুবকের সাহসিকতার এবং প্রতিবাদের ধরনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তেমনই আবার তাঁর সমালোচনা করেও সরব হয়েছেন নেটাগরিকদের অন্য একাংশ। ‘ভিআইপি সংস্কৃতি’র বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ।