উদ্ধার হওয়া বোমা। — নিজস্ব চিত্র।
অশান্তির মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক, তাজা বোমা। নতুন থানা উদ্বোধনের আগের রাতে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার কাশীপুর থানা এলাকার ঘটনা।
পুলিশ জানিয়েছে, বুধবার উত্তর কাশীপুর থানা ভেঙে বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হবে। তার আগে উত্তর কাশীপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বানিয়ারা গ্রামে হানা দেয়। বিপুল সামিম খান নামে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ২৮টি তাজা বোমা ও একটি দেশি বন্দুক।
বোমা ও বন্দুক উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে তল্লাশি। স্থানীয় সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও প্রশাসন তৎপর।
গত ২২ ফেব্রুয়ারি আইএসএফের বিরুদ্ধে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপরে হামলা চালিয়ে মাথা ফাটানোর অভিযোগ ওঠে। আরও অভিযোগ তিন তৃণমূলকর্মীকে মারধর করা ও গাড়ি ভাঙচুরের। সেই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন বিধায়ক শওকত মোল্লা। ফেরার পথে তাঁর ও তাঁর অনুগামীদের গাড়ি লক্ষ্য করে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। এই অশান্তির মাঝেই মঙ্গলবার আইএসএফ কর্মীর বাড়ি থেকে বন্দুক ও বোমা উদ্ধারের অভিযোগ উঠল।