রবীন্দ্রনাথ ভট্টাচার্য। —ফাইল চিত্র।
অশীতিপর বৃদ্ধকে খুনের অভিযোগে ধৃত আইনজীবী তথা পুরপ্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করল আদালত। সোমবার ব্যারাকপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক এই প্রবীণ আইনজীবীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান ভারপ্রাপ্ত এসিজেএম আফসান নওয়াজ ওয়ারসি।
গত ৮ ফেব্রুয়ারি উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুরে একটি ‘বেআইনি’ নির্মাণ নিয়ে পুরপ্রতিনিধি রবীন্দ্রনাথের সঙ্গে প্রকাশ্যে বচসা ও হাতাহাতি হয় বালিঘাটের বাসিন্দা, অশীতিপর তুলসী অধিকারীর। অভিযোগ, বৃদ্ধের বুকে লাথি মারেন রবীন্দ্রনাথ। তার জেরে মৃত্যু হয় তুলসীর। পরে বৃদ্ধের বাড়িতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক দল থেকে ছ’বছরের জন্য রবীন্দ্রনাথকে নিলম্বিত করার কথা জানান।
এর পরে ৯ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথকে আদালতে হাজির করানোর দিনে ধুন্ধুমার হয়। আদালতে জামিনের আবেদন করে রবীন্দ্রনাথ নিজেই সে সময়ে জানিয়েছিলেন, ঘটনার দু’দিন আগে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত গত শনি ও রবিবার স্ত্রীর পারলৌকিক কাজের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারোলে ছাড়া পান তিনি। অন্য দিকে, গত বৃহস্পতিবার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রাহুল ভট্টাচার্যের কাছে গোপন জবানবন্দি দেন তুলসীর দুই ছেলে এবং এক জন। আগামী ২ মার্চ ফের অভিযুক্ত আইনজীবীকে আদালতে পেশ করা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে