TMC Councillor’s Husband Arrest

জমি-বাড়ি হাতানো, হুমকি দেওয়ার অভিযোগ! টাকিতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের স্বামী

টাকি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দে। তাঁর স্বামী প্রদীপের বিরুদ্ধে জোর করে জমি-বাড়ি লিখিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কাউন্সিলরের স্বামী এবং পুরসভার ভাইস চেয়ারম্যান একসঙ্গে অবৈধ প্রোমোটিং করতেন বলেও অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:৩০
Share:

— প্রতীকী চিত্র।

জোর করে জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। রয়েছে হুমকি, ভীতিপ্রদর্শনের অভিযোগও। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানায় তা নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল। এ বার গ্রেফতার হলেন টাকি পুরসভার কাউন্সিলর নমিতা দে-র স্বামী প্রদীপ দে। রবিবার রাতে এক অভিযানে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে কাউন্সিলরের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

টাকি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা। তাঁর স্বামীর বিরুদ্ধে জোর করে জমি-বাড়ি লিখিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কাউন্সিলরের স্বামী প্রদীপ পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর ‘ঘনিষ্ঠ’। অভিযোগ, ফারুকের সঙ্গে জোট বেঁধেই এই সব কাজকর্ম চালাতেন কাউন্সিলরের ধৃত স্বামী। দলিল জাল করে রাজ পরিবারের বংশধরদের জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় বিভিন্ন অবৈধ প্রোমোটিং চালানোর অভিযোগও রয়েছে। ভোটের সময়ে তিনি অন্য দলের কর্মী-সমর্থকদের ভয় দেখাতেন, এমনকি প্রাণনাশের হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে হাসনাবাদ থানায়।

সম্প্রতি প্রদীপের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবীর রায়চৌধুরী। ফারুকের বিরুদ্ধেও অভিযোগ জানান তিনি। ওই অভিযোগের প্রেক্ষিতেই রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। তাতে গ্রেফতার হন প্রদীপ। তবে ফারুকের সন্ধান এখনও পাওয়া যায়নি।

Advertisement

রাজ্যে পালাবদলের পর দুর্নীতি এবং বেনিয়মের বিরুদ্ধে পুলিশি অভিযানে আরও গতি এসেছে। সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। রাজ্যের অন্যত্রও বিভিন্ন পুরসভা এলাকায় কাউন্সিলরেরা ধরা পড়েছেন। কারও বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ, কারও বিরুদ্ধে আবার আছে খুনের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ। এ বার অবৈধ প্রোমোটিং এবং জোর করে জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন প্রদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement