—প্রতিনিধিত্বমূলক ছবি।
অজ্ঞাতপরিচিত এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মঙ্গলবার পূর্ব ধোপাগাছির একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। পুলিশ গিয়ে বস্তার মুখ খুলে দেখতে পান, গলায় কাটার দাগ।
পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করার পর দেহটি বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃতার শরীরে গলা ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন মেলেনি। মনে করা হচ্ছে, ঘুমন্ত অবস্থাতেই তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘কয়েক জন বলছিল, ‘তোমার বাড়ির পাশে পুকুরে মার্ডার কাকে ফেলে দিয়ে গিয়েছে দেখো। আমি গিয়ে দেখি, বস্তাবন্দি দেহ। খালি পা দেখা যাচ্ছে একজন মেয়ের। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে।’’ রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।