বন্ধু মারফত খবর পাঠিয়ে নিজেই নিজের বিয়ে বন্ধ করার ব্যবস্থা করল এক নাবালিকা। রবিবার বাদুড়িয়ার যদুরহাটি উত্তর পঞ্চায়েতের জঙ্গলপুর মোড়ল পাড়ায় নবম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের কথা ছিল। খবর পেয়ে চাইল্ডলাইনের সদস্যেরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। বিয়ে বন্ধ করে দেওয়া হয়। অন্য দিকে, আটুরিয়া পঞ্চায়েতের উত্তর ভোজপারা গ্রামে চোদ্দো বছরের একটি মেয়ের বিয়ে দিচ্ছিলেন তার বাবা। চাইল্ড লাইনের উদ্যোগে বাদুড়িয়ায় বাল্যবিবাহ রোধের উপর একটি নাটক মঞ্চস্থ করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিল অষ্টম শ্রেণি পড়ুয়া ওই নাবালিকা। সে সময়ে জেনেছিল অল্প বয়সে বিয়ে করলে কী কী অসুবিধা হয়। ওই দিন বাড়িতে এসে বিয়ের প্রতিবাদ করে ওই কিশোরী। কিন্তু তার কথা শোনেনি পরিবারের কেউ। রবিবার বিয়ের সময়ে খবর পেয়ে চাইল্ডলাইন থেকে পুলিশ নিয়ে এসে বিয়ে বন্ধ করা হয়। পুলিশ আসায় পাত্র এবং তাঁর সঙ্গীরা পালায়। মেয়ে দু’টি এখন পড়তে চায় বলে পুলিশকে জানিয়েছে।