—প্রতীকী চিত্র।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে মঙ্গলবার সকালেও কলকাতা বিমানবন্দর থেকে আসা এবং যাওয়া মিলে ৫ জোড়া উড়ান বাতিল হয়েছে। এর মধ্যে এমিরেটসের দুবাই থেকে দু’জোড়া উড়ান রয়েছে। বাতিলের তালিকায় দোহা থেকে কাতার এয়ারওয়েজ়ের এক জোড়া উড়ান রয়েছে। এ ছাড়াও বাতিল হয়েছে আবু ধাবি থেকে ইতিহাদ এবং এয়ার অ্যারাবিয়ার এক জোড়া করে উড়ান।
সোমবার সন্ধ্যার পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত সংখ্যায় উড়ান পরিষেবা শুরু হয়েছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা নিরাপদ না থাকা এবং বিমানবন্দরগুলিতে ড্রোন হানার আশঙ্কায় পশ্চিম এশিয়ার একাধিক বিমান সংস্থা মঙ্গলবারও তাদের পরিষেবা বন্ধ রাখার কথা জানায়। ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ় আজ, বুধবার পর্যন্ত তাদের উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়তে পারে। দোহা এবং আবু ধাবি বিমানবন্দর বন্ধ থাকায় ওই দুই বিমান সংস্থার পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এমিরেটস তাদের যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে উড়ানের সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি খতিয়ে দেখার জন্য আর্জি জানিয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় যাত্রীদের উদ্দেশে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সতর্কবার্তা দিয়েছে। নির্দিষ্ট বিমান সংস্থার স্পষ্ট নির্দেশ ছাড়া যাত্রীরা যাতে কোনওভাবেই বিমানবন্দরমুখী হওয়ার চেষ্টা না করেন সে কথা বলা হয়েছে। একই কথা পশ্চিম এশিয়ার একাধিক বিমান সংস্থাও জানিয়েছে।মঙ্গলবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কাট থেকে তাদের উড়ান পরিষেবা শুরু করেছে। দিল্লি, কোচি, কোঝিকোড়, মেঙ্গালুরু, মুম্বই এবং তিরুচিরাপল্লী থেকে নির্ধারিত সূচি মেনে চলছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান। এ দিন সকাল ১০ টা ২৫ মিনিটে সংস্থার প্রথম উড়ান তিরুচিরাপল্লী থেকে উড়ে যায়।তবে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বাহরিন, কুয়েত, কাতার , সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিগামী উড়ান বুধবার মাঝরাত পর্যন্ত বাতিল রাখার কথা জানিয়েছে। ওই মেয়াদ আরও বাড়তে পারে। পরিস্থিতি খতিয়ে দেখে সংস্থার পক্ষ থেকে ফের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে স্পাইস জেট মঙ্গলবার থেকে আগামী কাল, বৃহস্পতিবারের মধ্যে ফুজাইরাহ বিমানবন্দর থেকে দিল্লি, মুম্বই এবং কোচির উদ্দেশে তিন জোড়া বিশেষ উড়ান চালাচ্ছে। আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে ইন্ডিগো সৌদি আরবের জেড্ডা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দশটি বিশেষ উড়ান চালাবে বলে খবর।
পশ্চিম এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সাহায্য করার জন্য বিমান মন্ত্রক যাত্রী সহায়তা কেন্দ্র খুলেছে। এ পর্যন্ত ওই কেন্দ্রের মাধ্যমে ৫৫৯ টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে