US-Iran War

কোনও চুক্তি ছাড়া যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে বোমাবাজি হবে! ইরানকে আবার হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর‌ও এক বার শর্তের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘ইরান কখন‌ওই তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না। থাকবে না তাদের কাছে কোনও পরমাণু অস্ত্র।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০১:৫৫
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় (আমেরিকার সময়) শেষ হচ্ছে দু’দেশের মধ্যে হওয়া সংঘর্ষবিরতির সময়সীমা। তার পরে কোন দিকে পরিস্থিতি গড়াবে, তার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি স্পষ্টই জানিয়ে দেন, যদি কোনও চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি শেষ হয়, তবে প্রচুর বোমা বিস্ফোরণ শুরু হবে।

Advertisement

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কী হবে? এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল ট্রাম্পের কাছে। সেই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘তখন প্রচুর বোমা ফাটবে।’’ দ্বিতীয় দফার শান্তিবৈঠক নিয়ে ইসলামাবাদের উদ্যোগে ইরান কী ভূমিকা নেবে, তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। তিনি বলেন, ‘‘আমি জানি না। আমরা সেখানে (শান্তিবৈঠক) থাকতে চেয়েছিলাম। কিন্তু ওরা (ইরান) বলছে, আমরা রাজি ছিলাম না। সেটা ঠিক নয়। আমরা দেখব, তারা আসে কি না।’’

একই সঙ্গে ট্রাম্প আরও এক বার মার্কিন-শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন। পরমাণু-শর্ত নিয়ে অনড় ট্রাম্প ফের জানিয়েছেন, ইরান কখন‌ওই তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না। থাকবে না তাদের কাছে কোনও পরমাণু অস্ত্র। আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা ঘিরে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে। তবে ইরান জানিয়ে দিয়েছে, তারা এখনই আলোচনায় বসতে প্রস্তুত নয়। হরমুজ় প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত আলোচনায় যোগ দেবে না তারা।

Advertisement

সোমবার ট্রাম্প আর‌ও এক বার জানিয়েছেন, কেন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। এবং এ-ও স্পষ্ট করেছেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপে তৃতীয় কোনও শক্তির ইন্ধন ছিল না। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য ইজ়রায়েল আমাদের কখনওই প্ররোচনা দেয়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement