—প্রতিনিধিত্বমূলক ছবি।
অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদনকারী বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছলেও, অফলাইনে আবেদনকারী অনেকে টাকা পাননি বলে অভিযোগ। তা নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে।
বীরভূমের বোলপুর পুরসভায় ঢুকে বিক্ষোভ দেখানো মহিলারা জানান, জুন মাসের গরমে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে, পূরণ করে, ফের লাইন দিয়ে ফর্ম জমা দেন। কিন্তু বুধবার (১ জুলাই) অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাঁদের নাম ভোটার তালিকায় আছে বলেও দাবি। বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলিমা পত্র, ১১ নম্বর ওয়ার্ডের টুনটুনি দাস বলেন, “অনলাইনে ফর্ম পূরণ করেছিলেন যাঁরা, তাঁদের টাকা ঢুকে গিয়েছে। অথচ, আমরা যাঁরা অফলাইনে করেছি, তাঁরা টাকা পাইনি। পুরসভার গাফিলতি ছাড়া, আর কী হতে পারে!’’ পুরসভার প্রতিক্রিয়া মেলেনি। একই অভিযোগে এ দিন রামপুরহাট পুরসভাতেও বিক্ষোভ হয়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ক্ষীরপাই, রামজীবনপুর পুরসভাতেও মহিলারা বিক্ষোভ দেখান। পুরকর্মীদের আটকে রাখার অভিযোগ ওঠে। পুরকর্মীরাও পরে অবস্থান-বিক্ষোভ করেন।
প্রায় এক মাস আগে, হাওড়ার বাগনান ১ ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার পরেও টাকা না পাওয়ার অভিযোগে বহু মহিলা এ দিন ব্লক অফিসে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, লোকাভাবের কারণে সকলের আবেদনপত্র নির্দিষ্ট পোর্টালে ‘আপলোড’ করা যায়নি। আপাতত, তাঁদের বাইরে থেকে অনলাইনে ফের আবেদন করতে বলা হয়েছে। হুগলির উত্তরপাড়া পুরভবনেও পুরপ্রধানের ঘরের সামনে বিক্ষোভ হয়। ভাতার টাকা না পাওয়ার কারণ জানতে অনেকে ভিড় করেন উত্তর ২৪ পরগনার বারাসত ১, দেগঙ্গা ও আমডাঙা ব্লক অফিসে। ভিড় হয়েছে পূর্ব বর্ধমানের কালনায় মহকুমাশাসকের দফতরে।
কোচবিহার থেকে মালদহ পর্যন্ত একাধিক জেলায় একই কারণে বিক্ষোভ হয়। মহকুমাশাসকের (কোচবিহার সদর) দফতরের সামনে বিক্ষোভে শামিল সুস্মিতা মজুমদার দাবি করেন, ‘‘অফলাইনে আবেদন করেছি, টাকা পাইনি। অথচ, যোগ্য নন, এমন অনেকে টাকা পেয়েছেন।’’ রায়গঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েকশো মহিলা পুরসভার প্রশাসক তথা মহকুমাশাসক (রায়গঞ্জ) তন্ময় বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান। পুরাতন মালদহ পুরসভায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে