WB Elections 2026

ভোটের পাঁচ দিন আগে তৃণমূলের দুই প্রার্থী সুজিত ও রথীনকে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ

রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু এবং রথীন ঘোষকে চলতি সপ্তাহেই হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ২৪ এপ্রিল শুক্রবার তাঁদের ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:১৬
Share:

(বাঁ দিকে) সুজিত বসু এবং রথীন ঘোষ (ডান দিকে)। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মধ্যে ফের দুই তৃণমূল প্রার্থীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু এবং রথীন ঘোষকে চলতি সপ্তাহেই হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ২৪ এপ্রিল শুক্রবার তাঁদের ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে বিধাননগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজিত এবং মধ্যমগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন রথীন। নির্বাচনের প্রাক্কালে যখন সমস্ত রাজনৈতিক দল জোরকদমে প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় এই তলবকে ঘিরে নতুন করে চাপানউতর শুরু হয়েছে। বর্তমানে প্রচারে ব্যস্ত রয়েছেন দুই তৃণমূল প্রার্থী।

এই প্রথম নয়, আগেও একাধিকবার ইডির তলব পেয়েছেন তাঁরা। সেই অনুযায়ী ইডি দফতরে গিয়ে হাজিরাও দিয়েছেন। পরে আবার সুজিত বসুকে তলব করা হলে তাঁর পুত্র প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কেন্দ্রীয় দফতরে যান।

Advertisement

শুধু সুজিত ও রথীনই নন, ভোটের আবহে তৃণমূলের আরও এক প্রার্থী দেবাশিস কুমারকেও একাধিক বার তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। এমনকি তাঁর বাড়িতে আয়কর দফতরের হানার ঘটনাও ঘটেছে। এই ধারাবাহিক তলব ও তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের সময় ইডি-সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, বারবার তলবের মাধ্যমে প্রার্থীদের ব্যস্ত রাখার কৌশল নেওয়া হয়েছে।

সব মিলিয়ে ভোটের মুখে ইডির এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement