কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
পিছিয়ে গেল অমিত শাহের দক্ষিণ ২৪ পরগনা সফর। পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি যে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করছে, তার প্রথম দিনে অর্থাৎ ১ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি জানিয়েছে, ১ মার্চ নয়, ২ মার্চ রায়দিঘি থেকে ‘যাত্রা’র উদ্বোধন করবেন শাহ।
‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধনের জন্য মার্চের প্রথম দু’দিনই নির্ধারিত। প্রথম দিন পাঁচটি জায়গা থেকে এবং দ্বিতীয় দিন চারটি জায়গা থেকে ‘যাত্রা’-র উদ্বোধন হওয়ার কথা ছিল। প্রথম দিনের পাঁচটি উদ্বোধন কর্মসূচির মধ্যে একটি ছিল শাহের। বিজেপি সূত্রের খবর, ওই দিন শিখ গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানানোর একটি কর্মসূচি উপলক্ষে মহারাষ্ট্রে নভি মুম্বইয়ে যাওয়ার কথা রয়েছে শাহের। সেখানে শাহ ছাড়াও অন্তত সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকার কথা। সেই কারণেই ১ মার্চ শাহের পশ্চিমবঙ্গ সফর পিছিয়ে দিতে হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির তরফ থেকে শাহের যে সফরসূচি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে, সেই অনুযায়ী ১ মার্চ অর্থাৎ রবিবার রাত ৯টা ৫০ নাগাদ শাহ কলকাতায় আসছেন। পর দিন সকাল ১১টা ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি রায়দিঘি রওনা দিচ্ছেন। ১২টা নাগাদ ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধনী জনসভার মঞ্চে পৌঁছোবেন শাহ।
পশ্চিমবঙ্গে বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগ। তার মধ্যে ন’টি বিভাগ থেকেই একটি করে ‘যাত্রা’-র উদ্বোধন হচ্ছে। শুধু কলকাতা মহানগর বিভাগে কোনও ‘যাত্রা’ হচ্ছে না। কারণ এই গোটা কর্মসূচির পরিসমাপ্তি হিসাবে ১৪ মার্চ ব্রিগেডে যে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সমাবেশ আয়োজনের দায়িত্ব বর্তেছে কলকাতা মহানগর বিভাগের উপরে। ন’টি সাংগঠনিক বিভাগের প্রত্যেকটিতেই উদ্বোধনে আসছেন বিজেপি-র কোনও না কোনও কেন্দ্রীয় নেতা বা সর্বভারতীয় পরিচিতিসম্পন্ন মুখ। প্রথম দিন কোচবিহার থেকে এবং দ্বিতীয় দিন ইসলামপুর থেকে ‘যাত্রা’ উদ্বোধন করছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। কৃষ্ণনগরে আসছেন জেপি নড্ডা, আমতায় আসছেন রাজনাথ সিংহ। শাহ ছাড়া বাকিদের সফরসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই বিজেপি সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।