— প্রতীকী চিত্র।
অন্তর্বর্তিকালীন বাজেটে এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তার পরের দিন, শুক্রবার মাইনে বৃদ্ধি করার দাবিতে স্বাস্থ্যভবনে যান আশা কর্মীরা। সেখানে গিয়ে কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। তার পরে জানান, কর্মবিরতি এখন তুলে নিচ্ছেন তাঁরা। রাজ্যের তরফে জানানো হয়েছে, বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
আশা কর্মীদের ভাতা ছিল ১০ হাজার টাকা। অন্তর্বর্তীকালীন বাজেটে তা বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে আশাকর্মীদের সংগঠনের এক সদস্য বলেন, ‘‘আমরা এই ভাতা বৃদ্ধিতে খুশি নই।’’ তবে কর্মবিরতি তাঁরা তুলে নিচ্ছেন। আশাকর্মী বলেন, ‘‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দীর্ঘ দিনের যে বকেয়া এক সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। কর্মবিরতির সময়ে কিছু জনকে নির্ধারিত ভাতা দেওয়া হয়েছে। কিছু জনকে দেওয়া হয়নি। আমরা বলেছি, নিয়ম একটাই হতে হবে। মানবিক ক্ষেত্র থেকে যদি সকলকে দেওয়া যায়, সেই আবেদন করেছি। ওঁরা বলেছেন দেখছি।’’
আশাকর্মীরা আরও জানান, ইনসেনটিভ দেওয়ারও নতুন প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা। কেন্দ্রের ঘোষিত ইনসেনটিভ মার্চের সেশনে হয়ে যাবে। মোবাইল রিচার্জের টাকা দেওয়ার বিষয়টি দেখছেন বলেও জানান কর্তারা। এর পরেই আশাকর্মীরা বলেন, ‘‘১৫ হাজার টাকা ভাতার দাবিতে লড়াই চলবে। অতিরিক্ত কাজ করব না। মা এবং বাচ্চার ডিউটি করব। ওঁরা বলেছেন, অতিরিক্ত কাজের নির্দেশ কে দেন, তাঁরা জানেন না।’’ তাঁদের দাবি, চার মাসের আন্দোলনের ফলেই ইনসেনটিভ দিতে বাধ্য হয়েছে।
নতুন অর্থবর্ষ থেকে আশাকর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের বাজেটে। রাজ্য সরকারের অন্য মহিলা কর্মীদের মতো এ বার থেকে আশাকর্মীরাও মাতৃত্বকালীন ছুটি পাবেন। ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে তাঁদের। মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদেরও। তাঁরাও নতুন অর্থবর্ষ থেকে ১,০০০ টাকা করে বর্ধিত ভাতা পাবেন। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মধ্যে কেউ কর্তব্যরত অবস্থায় মারা গেলে তাঁর পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তারও ঘোষণা করা হয়েছে বাজেটে। আশাকর্মীদের জন্য আগামী অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ১০০ কোটি টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মমতার সরকার বরাদ্দ করেছে ২৫০ কোটি টাকা। প্রসঙ্গত, কিছুদিন ধরেই আশাকর্মীরা তাঁদের ভাতাবৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন। গত ২২ জানুয়ারি তাঁরা বিশাল মিছিল করে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন।