উদ্ধার আগ্নেয়াস্ত্র। নিজস্ব চিত্র।
ডাকাতি, ছিনতাই ও বেআইনি অস্ত্র কারবারের নানা মামলায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করল পুলিশ। নিয়ামতপুরে ধৃত ওই দু’জনের কাছে দু’টি রিভলবার, কার্তুজ, একটি ল্যাপটপ ও লুঠ করা টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের মধ্যে বিজয় পাসোয়ানকে অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বিজয় ওরফে কটাস ও তার সঙ্গী আফতাব আনসারিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেন নিয়ামতপুর মসজিদ মহল্লার বাসিন্দারা। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, বিজয়ের নামে নানা থানায় ছ’টি ডাকাতির অভিযোগ ও বেশ কিছু অস্ত্র আইনে মামলা রয়েছে। আগ্নেয়াস্ত্রের কারবার, ঘরের তালা ও গ্রিল ভেঙে লুঠপাটেও সে সিদ্ধহস্ত। মোটরবাইক চুরি, জাতীয় সড়কে চলন্ত লরিতে উঠে খুব পণ্য লুঠেও অভিযুক্ত সে।
শনিবার নিয়ামতপুরে একটি বাড়িতে লুঠপাটের চেষ্টা হয়। এই ধৃতেরা তাতে যুক্ত ছিল বলে পুলিশের ধারণা। পুলিশ আরও জানায়, আদতে বিহারের বাসিন্দা এই দু’জন কুলটির বেজডিহি এলাকায় এক খনি আবাসনে গা ঢাকা দিয়ে থাকত। ২০০৬ সালে বিজয়কে প্রথম বার গ্রেফতার করে পুলিশ। পরে মোটরবাইক চুরিতে ধরা পড়েছিল সে। সম্প্রতি নিয়ামতপুরে পরপর কিছু অপরাধমূলক কাজকর্মে পুলিশ নড়েচড়ে বসে। তবে রবিবার রাতে আড়তে ঢুকে ব্যবসায়ীর উপরে হামলার ঘটনায় এই দু’জন যুক্ত নয় বলে জেরার পরে পুলিশের অনুমান।