কুলটিতে অমিত শাহের সভাস্থলে প্রস্তুতি। ছবি: পাপন চৌধুরী।
আজ, মঙ্গলবার প্রচার শেষ জেলায়। শেষ দিনের প্রচারে জেলায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুলটিতে সভা করবেন তিনি। এ ছাড়া, কংগ্রেসের হয়ে শচীন পাইলটের সভা করার কথা রয়েছে। অন্য নানা দলের বড় কোনও কর্মসূচি না থাকলেও, শেষ দিন সব পক্ষই জনসংযোগে নামবে। তবে সব পক্ষেরই চিন্তা দাবদাহের পরিস্থিতি। সোমবারও প্রখর গরমে অনেক প্রার্থী কর্মসূচি কাটছাঁট করেন।
কুলটির বালতোড়িয়া গণেশ পুজো ময়দানে বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের সমর্থনে সভায় বক্তব্য রাখার কথা অমিত শাহের। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সোমবার বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং পুলিশ আধিকারিকেরা সভাস্থল পরিদর্শন করেন। কুলটির ১৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি লালন মেহেরা বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে এলাকার মানুষের প্রচুর উৎসাহ রয়েছে। আমরা আশা করছি ১৫-২০ হাজার মানুষের সমাগম হবে।’’ গরমের মধ্যে সভায় আসা লোকজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে, জানান তিনি। জেলা যুব তৃণমূলে সাধারণ সম্পাদক বিমান দত্তের পাল্টা দাবি, ‘‘সারা রাজ্যের মতো কুলটিতেও তৃণমূলের ঝড় বইবে। অমিত শাহের আগমনের কোনও প্রভাব পড়বে না।”
সোমবার তীব্র দহন উপেক্ষা করেই প্রচার করেন নানা দলের প্রার্থীরা। তবে দুপুরে তেমন কোনও কর্মসূচি রাখেননি তাঁরা। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী, প্রবীণ নেতা প্রদীপ মজুমদার সকাল ৯টায় ২৮ নম্বর ওয়ার্ডে মিছিল করেন। তার পরে আর কোনও কর্মসূচি রাখেননি। এর পরে বিকেল সাড়ে ৪টে থেকে রাত পর্যন্ত পর পর ৪টি কর্মসূচিতে যোগ দেন। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সকালে বার্নোয়াল সমাজকে নিয়ে সভা করেন। বিকেলে ভুঁইয়া সমাজের মিছিলে যোগ দেন। বনবহালেও মিছিল করেন। সন্ধ্যায় বাড়ি বাড়ি প্রচার, রাতে পথসভা করেন।
গলসির তৃণমূল প্রার্থী অলোককুমার মাঝি কাঁকসা রথতলা এলাকা থেকে জনসংযোগ করেন। সকাল সাড়ে ১০টা নাগাদ কংকেশ্বরী দুর্গামন্দিরে পুজো দিয়ে নানা এলাকায় প্রচারে যান। তীব্র রোদ-গরমেও অনেকে প্রচারে পা মেলান। ছিলেন তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি নবকুমার সামন্ত, সাধারণ সম্পাদক পল্লব বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরা। পল্লবের বক্তব্য, ‘‘সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি। গরমেও যেতে সমস্যা নেই। তবে দুপুর ১২টার মধ্যে জনসংযোগ শেষ করা হয়েছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে