Barley vs Coconut Water

ডাব না কি বার্লির জল, গরমে তেষ্টা মেটাতে বেছে নেবেন কোনটি, পুষ্টিগুণে টেক্কা দেবে কে, কাকে

বাইরে বেরোলেই গলা শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে। বাড়ি ফিরলে প্রথমেই মনে হয় ঠান্ডা পানীয়ে চুমুক দেওয়ার কথা। কিন্তু চিনিযুক্ত পানীয় শরীরের পক্ষে ভাল নয়। পরিবর্তে ভরসা রাখবেন ডাবের জল, না কি বার্লির জলে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১০:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

তীব্র গরমে ঘেমেনেয়ে একশা হলে ডাবের জলেই স্বস্তি মেলে। রাস্তাঘাটে হরেক রকম শরবত, পানীয় থাকলেও চিকিৎসকদের মতে, নিরাপদ হল ডাবই। প্রথমত, এই জল দূষিত হওয়ার ভয় নেই। তা ছাড়া পটাশিয়াম-সহ একাধিক খনিজে ভরপুর। ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া খনিজ এবং লবণের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। গরমের দিনে শুধু ডাব নয়, আরও অনেক পানীয় শরীর ঠান্ডা রাখতে পারে। সেই তালিকায় রয়েছে বার্লিও। আগে জ্বর হলেই বহু বাড়িতে ভাত বন্ধ করে শুধু বার্লি খাওয়ানোর চল ছিল। কারণ, জ্বর হলে দেহের উত্তাপ বেড়ে যায়। তা নিয়ন্ত্রণে আনতে বার্লির যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু গরমের পানীয় হিসাবে এগিয়ে কে, ডাবের জল না বার্লি?

Advertisement

বার্লির জলের কী গুণ আছে

দেহের অভ্যন্তরীণ তাপ বেড়ে গেলে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। গরমে শরীরে জলের ঘাটতি হয়। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। এই বার্লির জল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। বার্লিতে মেলে বিটা-গ্লুকান নামক ফাইবার, ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়াম। গরমে ঘামের সঙ্গে যেহেতু শরীর থেকে লবণ, খনিজ বেরিয়ে যায়। তাই প্রয়োজন হয় ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষার। সে ক্ষেত্রে ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়াম কিছুটা হলেও সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্টসমৃদ্ধ বার্লি জলে ফুটিয়ে খেলে ওজন ঝরানোর পাশাপাশি, তা ডায়াবিটিসও নিয়ন্ত্রণে রাখে এবং কিডনির স্বাস্থ্যও ভাল রাখে। বার্লির জল অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে হজমের সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের জন্য বার্লির জল অত্যন্ত ভাল।

Advertisement

ডাবের জল

পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ থাকে ডাবের জলে। তপ্ত দিনে ঘর্মাক্ত, ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে যা যা প্রয়োজন তার সবটাই মেলে এতে। খনিজ এবং শর্করার ভারসাম্যও ঠিক থাকায় এই পানীয় আচমকা শর্করার মাত্রা বাড়িয়ে দেয় না। কচি ডাবের জলে কোনও ফ্যাট নেই। ফলে ওজন বৃদ্ধির কোনও চিন্তাও নেই। বিশেষত, প্রবল গরমে বিধ্বস্ত হয়ে পড়লে, পেশিতে টান ধরলে এক গ্লাস ডাবের জল উপযুক্ত সমাধান হতে পারে।

Advertisement

তা হলে কি দৌড়ে এগিয়ে ডাবই?

পুষ্টিগুণের বিচারে কেউই কম যায় না। তবে যদি গরমে ইলক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা, দ্রুত শক্তি জোগানোর প্রয়োজন হয় তা হলে এগিয়ে থাকবে ডাবের জলই। অন্য দিকে, বার্লির জলও শরীর ঠান্ডা রাখে। এতে ফাইবারের মাত্রাও বেশি। বার্লির জল খেলে হজম হয় ভাল। গরমে হজমের সমস্যাও খুবই স্বাভাবিক।

তবে চিকিৎসকেরা মনে করাচ্ছেন, ডাবের জল বা বার্লির জল কোনওটি বেশি খাওয়া ঠিক নয়। ডাবের জল বেশি খেলে পটাশিয়ামের মাত্রা বাড়তে পারে। আবার যাঁদের গ্লুটেনে অ্যালার্জি আছে বা গ্লুটেন হজমে সমস্যা হয়, তাঁদের বার্লির জলে অসুবিধা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement