WB Elections 2026

জোর নেই প্রচারে, বিজেপি কর্মীরা নিরাশ

কাটোয়ায় গত কয়েকটি ভোটে ভাল ভোট পেয়েছে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের থেকে এগিয়েছিল তার।

প্রণব দেবনাথ

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ২৩:৫৭
Share:

নেই প্রার্থীর নাম। নিজস্ব চিত্র

সারা বছর এলাকায় দলের বিশেষ কর্মসূচি থাকে না, অভিযোগ তোলেন বিজেপি কর্মীদের অনেকেই। ভোটের মরসুমে প্রার্থী ঘোষণার পরেও কর্মসূচিতে তেমন জোর নেই, দাবি কাটোয়ার বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের। তাঁদের কেউ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ, কেউ আবার নিরাশ।

কাটোয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে কৃষ্ণ ঘোষের নাম ঘোষণার পরে সপ্তাহ পেরোতে চলল। কিন্তু এখনও কাটোয়া শহরে হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া, কোথাও বিজেপির দেওয়াল লিখন থেকে শুরু করে ফ্লেক্স, ফেস্টুনে প্রচার শুরু হয়নি। নেই কোনও মাইকে প্রচারও। কেন এমন পরিস্থিতি, সে নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরেই। এমনকি, দেওয়াল লেখার জন্য নরেন্দ্র মোদীর ছবি-সহ বড় পোস্টারের উপরেও চুন দিয়ে ঢেকে দিয়েছেন কিছু কর্মী। সে নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে, তৃণমূল এবং বামেদের থেকে দল এখনও প্রচারে পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিজেপি কর্মীদের অনেকে।

কাটোয়ায় গত কয়েকটি ভোটে ভাল ভোট পেয়েছে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের থেকে এগিয়েছিল তার। গত বিধানসভা ও লোকসভা ভোটে তৃণমূল তাদের টপকে গেলেও, দু’টি ভোটেই ৯০ হাজারের কাছাকাছি ভোট পায় বিজেপি। বিশেষত, কাটোয়া শহরে ভাল ফল করে তারা। কাটোয়া কেন্দ্রে টানা ছ’বারের বিধায়ক তথা দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই ফের প্রার্থী করেছে তৃণমূল। কাটোয়া শহর-সহ গোটা বিধানসভা এলাকাতেই প্রচারে ঝাঁপিয়েছেন তৃণমূল কর্মীরা। ফ্লেক্স-ফেস্টুনে কার্যত ছেয়ে গিয়েছে শহর। শুক্র ও শনিবার চড়া রোদ উপেক্ষা করেই শহরে হুডখোলা গাড়িতে রোড-শো করেছেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ। সিপিএম এবং কংগ্রেসও দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার-ফেস্টুনে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে এলাকায়। কিন্তু ব্যাতিক্রম বিজেপি। শুক্রবার সন্ধ্যায় কাটোয়া শহরে হাতেগোনা কয়েক জন কর্মীকে নিয়ে বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষকে রোড-শো করতে দেখা যায়। সব মিলিয়ে, তাঁরা বেশ হতাশ বলে দাবি করছেন বিজেপি কর্মীদের অনেকে।

কাটোয়া শহরের বিজেপির প্রাক্তন নেতা মৃণাল দাসের অভিযোগ, ‘‘দলের অনেকে হয়তো মনে করছেন, হাওয়ায় জিতে যাবেন। তাই হয়তো দলীয় কর্মীদের মর্যাদা দিচ্ছেন না। সে কারণেই বিধানসভার নানা প্রান্তে বহু কর্মী হতাশায় বসে গিয়েছেন। তাই প্রচারে জোর নেই।’’ বিজেপির কাটোয়া শহর মণ্ডলের সভাপতি সুমন দেবনাথের বক্তব্য, ‘‘কয়েক জন কর্মী বুঝতে না পেরে ভুল করে মোদীজির ছবিতে চুন লেপেছেন। আমরা সেখানে দলের প্রতীক এঁকে দিয়েছি। দেওয়াল লিখন ও প্রচারে কেন পিছিয়ে আছি, তা জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।’’

কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া, ‘‘আসলে বিজেপির সঙ্গে কোনও লোক নেই। কর্মী পাবে কী করে? তৃণমূল কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকেন। তাই এ বার আমাদের জয়ের ব্যবধান আরও বাড়বে, এটা নিশ্চিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন