বিজেপি-র জবাবে কমিটি অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
অন্ডাল বিমাননগরী নিয়ে বিজেপি-র আন্দোলনের জবাব দিতে ‘শিল্প বাঁচাও কমিটি’ গড়ার পরিকল্পনা করলেন কিছু তৃণমূল নেতা-কর্মী। অরাজনৈতিক মঞ্চ হিসেবে এই কমিটি গড়া হবে বলে দাবি তাঁদের। রবিবার দুর্গাপুরের দুবচুড়ুরিয়ায় মিছিল করেন তৃণমূলের এই কর্মী-সমর্থকেরা। তাঁদের অনেকেই দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতা-কর্মী। ছিলেন অন্ডাল গ্রামের তৃণমূল কর্মীরাও। রাজনৈতিক ফায়দা তুলতে অন্ডালের প্রকল্প নিয়ে বিজেপি আন্দোলনের নাটক করছে বলে তাঁদের অভিযোগ। অন্ডালে ১০৯ একর জমির ছ’শোর বেশি ‘অনিচ্ছুক’ জমিদাতা চেক নেননি ও হাজার তিনেক বর্গাদার-খেতমজুর ক্ষতিপূরণ পাননি, এই অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিজেপি। দিন কয়েক আগে নানা দাবিতে তারা প্রশাসনকে স্মারকলিপিও দেয়। সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ চাষি দাবি করে সে দিন মিছিলে দু’জনকে সামিল করে তারা। এ দিন অন্ডালের আইএনটিটিইউসি নেতা মনোজ রায়ের দাবি, এখানে কোনও ‘অনিচ্ছুক’ চাষি নেই। যে জমি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তার অনেকটাই দেবোত্তর সম্পত্তি। তাঁর বক্তব্য, “বিজেপি-র মুখোশ খুলতে ‘শিল্প বাঁচাও কমিটি’ গড়ার সিদ্ধান্ত হয়েছে।” কিন্তু এই কমিটির নামে তৈরি ব্যানারে যাঁদের ছবি রয়েছে, তাঁরা আইএনটিটিইউসি নেতা। সেক্ষেত্রে এই মঞ্চ কী ভাবে অরাজনৈতিক, তার সদুত্তর মেলেনি মনোজবাবুর কাছে। অন্ডাল কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক সুশীল ঘোষের দাবি, “এ দিনের আন্দোলনে এলাকার মানুষ ছিলেন না, দুর্গাপুর থেকে লোক নিয়ে গিয়েছিল। ২৫ নভেম্বর গোপালমাঠে অন্ডালের অনিচ্ছুক চাষিদের নিয়ে অবস্থান বিক্ষোভ হবে।” বিজেপি নেতা নরেশ কোনারের কটাক্ষ, “তৃণমূলের দাপটে শিল্পে নাভিশ্বাস। তারা আবার কি না ‘শিল্প বাঁচাও কমিটি’ গড়ছে!”
কর্মী সেজে ঢুকে চুরির ছক, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
বিপণন কর্মী সেজে বাড়িতে ঢুকে সব জেনে নেওয়ার পরে সুযোগ বুঝে চুরি করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি হিরাপুরে পরপর চুরির ঘটনা ঘটছিল। তারই তদন্তে নেমে এই দু’জনকে ধরা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের কাছ থেকে বেশ কিছু চুরি যাওয়া জিনিসপত্রও মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরাপুর থানা এলাকায় ইদানীং একাধিক বাড়িতে চুরি হয়। প্রতিটি ক্ষেত্রেই বন্ধ ঘরের তালা ভেঙে দুষ্কর্ম সারছিল দুষ্কৃতীরা। কয়েক জনকে ধরপাকড় করে কিনারা করার চেষ্টা হলেও কোনও সূত্র মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি বার্নপুরের রিভারসাইড এলাকায় দু’টি বাড়িতে পরপর চুরি হয়। তার তদন্তে নেমেই এই দুই যুবকের হদিস মেলে বলে পুলিশ জানায়। গ্রেফতার করে শনিবার তাদের আসানসোল আদালতে তোলা হলে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দীনেশ যাদব বার্নপুরের মুঙ্গেরি খাটাল ও নরেশ কুমার বার্নপুরের সাতডাঙার বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা প্রথমে বিপণন কর্মী পরিচয় দিয়ে বাড়িতে যেত। ঢোকা-বেরনোর রাস্তা, কোথায় কী রয়েছে, কথাবার্তার ফাঁকে সে সব খুঁটিয়ে দেখত তারা। কখন বাড়িতে কেউ থাকেন না, সে সবও নজরে রাখত। তার পরে সুযোগ বুঝে সেই সব বাড়িতে চুরি করত। এডিসিপি (পশ্চিম) পঙ্কজ দ্বিবেদী জানান, এই চুরি চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে।
বিজেপি কর্মীদের মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট
সম্মেলন ফেরত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কয়েকজনকে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল ক্ষীরগ্রামে। আহতদের মধ্যে ৬ জনকে কাটোয়া মহকুমা হাসপাতাল ও একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপির অভিযোগ, রবিবার দুপুরে ব্লক সম্মেলনে যাওয়ার পথে দক্ষিণপাড়ায় বিজেপি সমর্থক এক পরিবারের সঙ্গে কয়েকজন তৃণমূল কর্মীর বচসা হয়। সম্মেলন থেকে ফেরার পথে তাদের উপরেই তৃণমূলের লোকেরা লাঠি-টাঙি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি আহতেরা নিজেদের বিজেপি সমর্থক পরিচয় দিয়ে দাবি করেন, স্থানীয় তৃণমূল সমর্থিত একটি ক্লাবের সদস্যরা বহিরাগত ডেকে এনে তাঁদের উপর হামলা চালিয়েছে। বিজেপির জেলা নেতা অলোকতরঙ্গ গোস্বামীরও দাবি, “মঙ্গলকোটের বিভিন্ন গ্রামে বিজেপির প্রভাব বাড়ছে। বিজেপিকে ঠেকাতেই পরিকল্পিত ভাবে আক্রমণ করছে তৃণমূল।” যদিও তৃণমূলের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চোধুরীর দাবি, “এটি পারিবাবিক বিবাদের ঘটনা। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।” পুলিশও জানিয়েছে, একটি পাড়ায় দুই বালকের মধ্যে ঝগড়া থেকে দু’টি পরিবারের মধ্যে মারামারি বাধে। তাতেই কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
অফিস ভাঙচুরের নালিশ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর ও দু’জন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম মোড়ে। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে সিপিএম নেতা রবিলোচন মণ্ডলের নেতৃত্বে এক দল দুষ্কৃতী তাঁদের দু’টি কার্যালয়ের তালা ভেঙে ঢুকে ভাঙচুর করে। পতাকা পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। তৃণমূলের বাহাদুরপুর অঞ্চল কমিটির সভাপতি অলোক মণ্ডলের দাবি, “দু’জন কর্মী বাধা দিতে এলে তাঁদেরও মারধর করা হয়। কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের রবিলোচনবাবুর দাবি, “পারিবারিক বিবাদে রাজনৈতিক রং লাগানো হচ্ছে।”
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
জমি কেনা-বেচার কারবারে যুক্ত দুই গোষ্ঠীর বিবাদে রবিবার হিরাপুরের জগৎডিহি এলাকায় অশান্তি তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগ, দু’পক্ষ বোমা-গুলি ছোড়ায় আতঙ্ক ছড়ায়। পরে পুলিশের বড় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষই পালিয়ে গিয়েছে। পুলিশ জানায়, কোনও পক্ষ অভিযোগ দায়ের করেনি। এলাকায় নজর রাখা হয়েছে। এলাকাবাসী পুলিশকে জানান, প্রায় দিনই এই দুই গোষ্ঠীর ঝামেলা বাধে। মূলত জমি বিক্রি করতে ক্রেতাদের নিজের কব্জায় রাখা নিয়ে এই বিবাদ বলে জেনেছে পুলিশ।
রেললাইনে দেহ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
রেললাইন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ইকড়া স্টেশনের কাছে। পুলিশ জানায়, মৃত রবিলোচন মণ্ডলের (৫৫) বাড়ি জামুড়িয়ার চণ্ডীপুরে। তাঁর ছেলে কাজলবাবু জানান, শনিবার সন্ধ্যায় পড়শিরা রেললাইনে তাঁর বাবার দেহ পড়ে থাকার কথা জানান। তাঁর অভিযোগ, “বাবাকে খুন করা হয়েছে। কে বা কারা এর সঙ্গে যুক্ত, বুঝতে পারছি না।” পুলিশে খুনের অভিযোগ দায়ের করেন তিনি।
বছর পেরিয়ে কমিটি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
প্রায় এক বছর পরে সালানপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ও কর্মাধ্যক্ষ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি সমিতির সহ-সভাপতি মনোনীত হয়েছেন লিপিকা মণ্ডল। সভাপতি শ্যামল মজুমদার জানান, চলতি মাসেই সমিতির স্থায়ী কমিটি ও কর্মাধ্যক্ষ মনোনয়ন হয়ে যাবে।
জল চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
চার দিন মিলছে না জল, এই অভিযোগে ঘণ্টা দু’য়েক বিক্ষোভ দেখালেন অন্ডালের বাঁকোলা কোলিয়ারির খনিকর্মী পরিবারের মহিলা সদস্যেরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, যান্ত্রিক ত্রুটিতে সমস্যা হচ্ছে। মিটে যাবে।
কোথায় কী
কেতুগ্রাম
ফুটবল ফাইনাল। গঙ্গাটিকুরি রেল ময়দান। বিকাল ৩টা। উদ্যোগ: বালুটিয়া স্পোর্টিং ক্লাব।
দুর্গাপুর
অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতা। লাল ময়দান ও পলাশডিহা। দুপুর পৌনে তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।