গোষ্ঠীদ্বন্দ্বে মৃত
ধানের গোলার দখল নিয়ে দু’পক্ষের বিবাদে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আহত হয়েছেন তিন জন। শনিবার বর্ধমানের ভাতার থানার নিত্যানন্দপুর ডাঙ্গাপাড়ায় ঘটনা। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম আনোয়ার হোসেন (৬৫)। মৃতের এক ছেলে-সহ তিন জন বর্ধমান মেডিক্যালে ভর্তি।
মালিকপক্ষ গরহাজির বৈঠকে, কাটল না জট
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
দুর্গাপুরে বৈঠক ব্যর্থ। মালিকপক্ষ অনুপস্থিত থাকায় সমাধানসূত্র বেরোল না বিষ্ণুপুরের বৈঠকেও। আপাতত তাই লক-আউট বহালই থাকছে বাঁকুড়ার বিষ্ণুপুরের দ্বারিকা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের ‘শ্রী বাসবী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায়। এই অবস্থায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলকারী শ্রমিক সংগঠনগুলি এবং প্রশাসনও। কারখানা খোলা নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরে ত্রিপাক্ষিক বৈঠক হলেও তাতে কোনও রফাসূত্র বেরোয়নি। শুক্রবার দুপুরে ফের বৈঠক ছিল বিষ্ণুপুরের মহকুমাশাসকের অফিসে। বন্ধ থাকা ফেরো অ্যালয় কারখানার কাজ হারানো শ্রমিকেরা মিছিল করে এসেছিলেন ওই অফিসে। কিন্তু, গেটেই তাঁদের আটকে দেয় পুলিশ। তিন শ্রমিক সংগঠনের নেতাদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ফলে গেটের সামনে মূল রাস্তায় বসে পড়েন শ্রমিকেরা। তার জেরে ঘণ্টা দুয়েক যান চলাচল ব্যাহত হয় বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচুর কাছে ওই রাস্তায়। আরামবাগের দিক থেকে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে ঢোকা বাসগুলিকে পুলিশ উল্টো রাস্তায় ঘুরিয়ে দেওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। দুপুর ২টো থেকে প্রায় দু’ঘণ্টা চলা এ দিনের বৈঠকে হাজির ছিলেন মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত, সহকারী শ্রম কমিশনার (বিষ্ণুপুর) সুভাষ মুখোপাধ্যায়, বিডিও (বিষ্ণুপুর) প্রশান্তকুমার মাহাতো, আইসি (বিষ্ণুপুর) স্বপন দত্ত। ছিলেন তৃণমূল, সিপিএম এবং বিজেপি-র শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। তবে, দুর্গাপুরে এলেও এই বৈঠকে যোগ দেননি কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিনিধি। স্বাভাবিক ভাবেই তাই বৈঠকে সমাধানসূত্রও মেলেনি। কারখানার ভাইস প্রেসিডেন্ট এন এস রাজু মোবাইলে বলেন, “সংস্থার ডিরেক্টরের সঙ্গে একটি জরুরি মিটিং থাকায় ওই বৈঠকে যাওয়া হয়নি। তবে, বিদ্যুতের দাম না কমানো পর্যন্ত কারখানা খোলা সম্ভব নয়। ওরা আইনি ব্যবস্থা নিলে নিক! আমাদের কিছু করার নেই।”
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে
নিয়মিত পরীক্ষা, অভিযান স্টেশনে
নিজস্ব সংবাদাতা • আসানসোল
ট্রেনে ভ্রমণের সময়ে রেল যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন পূর্ব রেলের আসানসোল ডিভিশন কর্তৃপক্ষ। নিয়ম করে ডিভিশনের কর্তারা ছোট-বড় সব স্টেশনে গিয়ে যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেবেন। হকারদের পানীয় ও খাবারের গুণগত মান পরীক্ষা করবেন। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। সম্প্রতি দুর্গাপুর স্টেশনে আয়োজিত এই রকম একটি কর্মসূচীতে উপস্থিত ছিলেন আসানসোলের ডিআরএম সঞ্জয় সিংহ গেহেলট-সহ রেলের একাধিক কর্তা। এই প্রক্রিয়া ধারাবাহিক ভাবে চালানো হবে বলে জানিয়েছেন ডিআরএম। কেন এই ধরনের উদ্যোগ? রেলের এক আধিকারিক জানান, ট্রেনে যাত্রা করার সময়ে যাত্রীরা নানা রকম নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় ভোগেন। যার বেশির ভাগই ঘটে যাত্রীদের অজ্ঞতার কারণে। মূল সমস্যা হয় কেপমারির ঘটনায়। যেমন, অনেক সময় চলন্ত ট্রেনে মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীদের অচেতন করে তাঁদের জিনিসপত্র লুঠ করে দুষ্কৃতীরা। আসানসোল ডিভিশনে এই ধরনের ঘটনা গত কয়েক বছরে একের পর এক ঘটেছে। বারবার রেলের তরফে যাত্রীদের সতর্ক করা সত্ত্বেও তা বন্ধ হয়নি। রেলের কর্তারা জানান, এ ছাড়াও অনেক সময়ে যাত্রীরা অবহেলা বশত নিজেদের ব্যাগপত্র চোখে-চোখে রাখতে পারেন না। ফলে, সেগুলি খোয়া যায়। মূলত এই ধরনের বিপদ থেকে যাত্রীদের রক্ষা করার জন্যই রেলের তরফে এই উদ্যোগ হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রীদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে বিভিন্ন স্টেশনে হকারদের বিক্রি করা খাবারদাবারের মানও নিয়মিত পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। সম্প্রতি দুর্গাপুর স্টেশনে অভিযান চালানোর সময়ে রেলের আধিকারিকেরা হকারদের খাবার পরখ করে দেখেন। স্টেশনে ঢোকা-বেরনোর পথে যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক পরামর্শও দেন তাঁরা। আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানান, ডিভিশনের অপেক্ষাকৃত ব্যস্ত স্টেশনগুলিতে প্রথমে এই অভিযান চালানো হবে। পরে বাকি স্টেশনগুলিকেও নজরদারির মধ্যে আনা হবে।
বিক্ষোভে ফের ব্যাহত এসার অয়েলের কাজ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা
গ্রামবাসীদের বিক্ষোভে শুক্রবার এসার অয়েলের কাজ ব্যাহত হল কাঁকসার জাটগোড়িয়ায়। অভিযোগ, গত মাসের বেতন এখনও পাননি নিরাপত্তারক্ষীরা। এ ছাড়া দীর্ঘদিন ধরে প্রভিডেন্ড ফান্ডের টাকা জমা পড়ছে না। প্রতিবাদে এ দিন রাস্তা আটকে প্রকল্পের গাড়ি যাতায়াত বন্ধ করে দেন বাসিন্দারা। পুলিশের মধ্যস্থতায় ও কর্তৃপক্ষের আশ্বাসে ঘণ্টা তিনেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভূগর্ভস্থ কোল বেড মিথেন (সিবিএম) তোলার জন্য বর্ধমানের অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ও কাঁকসা ব্লকের বিভিন্ন জায়গায় একশোর বেশি কুয়ো খুঁড়েছে এসার। ইতিমধ্যে লগ্নি করা হয়েছে প্রায় সাতশো কোটি টাকা। পানাগড়ে নির্মীয়মাণ বেসরকারি সার কারখানা-সহ বিভিন্ন শিল্প সংস্থায় সিবিএম সরবরাহ করবে এসার। জাটগোড়িয়াতেও কুয়ো রয়েছে এসারের। গ্রামবাসীদের পক্ষে স্থানীয় তৃণমূল নেতা শেখ হিরন্ময় মণ্ডল জানান, প্রায় ৫৬ জন নিরাপত্তারক্ষী এখনও নভেম্বরের বেতন পাননি। মাসের ১০ তারিখে বেতন দেওয়া হয়। এই মাসে তার পরে পেরিয়ে গিয়েছে আরও দশ দিন। তাঁর আরও দাবি, নিরাপত্তারক্ষীরা এখনও পর্যন্ত ১৭ মাস কাজ করেছেন। তার মধ্যে মাত্র ৬ মাসের প্রভিডেন্ড ফান্ডের টাকা জমা পড়েছে। প্রতিবাদে এ দিন তাঁরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান। খবর পেয়ে কাঁকসা থানা থেকে পুলিশ পৌঁছয়। শেষ পর্যন্ত পুলিশি মধ্যস্থতায় দিন কয়েকের মধ্যেই সমস্যা মেটানোর আশ্বাস দেন কর্তৃপক্ষ। ঘণ্টা তিনেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আইনজীবীদের দাবি মেনে প্রথম নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • কালনা
একাংশের আইনজীবীর দাবি মেনে নতুন পরিচালনা কমিটি গঠন করার জন্য নির্বাচনের পথেই হাঁটল কালনা মহকুমা বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হবে মন্ত্রী তথা একদা কালনা আদালতের আইনজীবী স্বপন দেবনাথকে। এতদিন কমিটি নির্বাচন করা হতো শুধুমাত্র মনোনয়নের ভিত্তিতে। নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর অন্তর তৈরি হয় নতুন কমিটি। নতুন কমিটি তৈরির আগে পুরনো কমিটিকে আয় ব্যয়ের হিসাব পেশ করতে হয়। পূর্বতন কমিটির মেয়াদ শেষ হয় ২০১২ সালে। এ বছর ১২ জুলাই বৈঠক ডেকে পূর্বতন কমিটি আয় ব্যয়ের হিসাবও পেশ করে। তবে ওই বৈঠকে আইনজীবীদের একাংশ দাবি তোলেন, সম্পাদক, সভাপতি সহ ১১ জনের যে কমিটি রয়েছে সেখানে অন্তত চার জন তরুণ আনিজীবীদের প্রতিনিধি রাখতে হবে। এরপরই নির্বাচন পক্রিয়ার দিকে এগনোর সিদ্ধান্ত নেন বারের সদস্যরা। পাঁচ সদস্যের এক কমিটির তত্ত্বাবধানে ৯ জানুয়ারি নির্বাচন প্রক্রিয়া করা হবে। আইনজীবীরা জানান, কালনা বারের সদস্য সংখ্যা ৮০ জন। শুক্রবার পর্যন্ত ২৮টি মনোনয়ন পত্র তোলা হয়েছে। ২২ ডিসেম্বর মনোনয়ন তোলা ও জমা দেওয়ার শেষ তারিখ। ২৩ তারিখ থেকে পয়লা জানুয়ারি বড় দিন উপলক্ষে বন্ধ থাকবে সিভিল আদালত। তারপরেই মনোনয়ন স্কুটিনির কাজকরা হবে। প্রসঙ্গত একসময় কালনা মহকুমা আদালতের সঙ্গে যুক্ত ছিলেন স্বপনবাবু। শুক্রবার স্বপন বাবুর বারের সদস্য হিসেবে বকেয়া চাঁদাও মিটিয়ে দেওয়ার হয়। এরপরই জল্পনা শুরু হয় মন্ত্রী নিজেই নির্বাচনে প্রর্থী হতে পারেন। তবে তৃণমূল ঘনিষ্ঠ আইনজীবীদের একাংশ দাবি করেন, নির্বাচনের থেকে মনোনিত কমিটি গড়াতেই স্বপনবাবুর সায় রয়েছে। ২২ অথবা ২৩ ডিসেম্বর আইনজীবীদের সঙ্গে মন্ত্রী আলোচনাতেও বসতে পারেন বলে খবর। আইনজীবী মলয় পাঁজা-ও বলেন নির্বাচন পক্রিয়া শুরু হয়ে গেলেও এখনও মনোনিত কমিটি তৈরি হওয়ার রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়নি। স্বপনবাবুকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হবে বলেও মলয়বাবু জানান।
জমি মেলেনি, ক্ষোভ মিষ্টি ব্যবসায়ীদের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ২০তম রাজ্যে সম্মেলন শুরু হল শুক্রবার। দুর্গাপুরের ইস্পাতনগরীর নেতাজি ভবনে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন। মিষ্টান্ন শিল্পের নানা সমস্যা, অভাব-অভিযোগ নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। আজ, শনিবার সম্মেলনের শেষ দিন। সংগঠনের সাধারণ সম্পাদক রবীন্দ্রকুমার পাল অভিযোগ করেন, বঙ্গীয় মিষ্টান্ন ভবন গড়ার জন্য তাঁরা রাজ্য সরকারের কাছে জমি চেয়ে পাননি। তিনি জানান, সেখানে গবেষণাগার, প্রেক্ষাগৃহ এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। রবীন্দ্রবাবু বলেন, “জমি চেয়ে বহু চিঠি দিয়েছি। মাত্র দশ কাঠা জমি দরকার। কলকাতাতেই জমি দিতে হবে, এমন দাবি আমাদের নেই। শহরতলি বা বাইপাস, যেখানে সারা রাজ্য থেকে মানুষজন সহজে যেতে পারবেন, তেমন জায়গা হলেই হবে।” তাঁর অভিযোগ, মিষ্টান্ন প্রস্তুতকারী কারিগরেরা মাসে প্রায় ১০ হাজার টাকা বেতন পান। কারিগরের সংখ্যা দিন-দিন কমছে। সেক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে বর্তমান কারিগরদের কাজের মানের উন্নয়ন এবং নতুনদের প্রশিক্ষণ দিয়ে কারিগর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। এর ফলে কর্মসংস্থানের নতুন সুযোগ গড়ে উঠবে। কিন্তু জমি না পেয়ে পরিকল্পনার বাস্তবায়ন করা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জিতল নির্ভীক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে জিতল নির্ভীক সঙ্ঘ। তারা বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারকে ১১ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ভীক সঙ্ঘ ৩২.৪ ওভারে ১৪৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রান করে অল আউট হয়ে যায় ফিজিক্যাল কালচারাল সেন্টার। জয়ী দলের তন্ময় রায় ২৬ রানে ৩ উইকেট, সূরজ শর্মা ৩৬ রানে ৩ উইকেট ও সুরজিত্ সিংহ ২২ রানে ২ উইকেট দখল করেন। লিগের অপর খেলায় বড় জয় পেয়েছে আদিত্য স্মৃতি সঙ্ঘ। তারা ১৯৬ রানে আমরা সবাই ক্লাবকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে আদিত্য ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১১ করেছিল। জয়ী দলের হয়ে সৌমেন ঘোষ করেন ৯৩ রান। সঞ্জয় যাদব ও কাশীনাথ গিরি করেন যথাক্রমে ৬৯ ও ৫২ রান। আমরা সবাই ক্লাবের রামিজ হোসেন ৪৬ রানে ২ উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে আমরা সবাই ৩৫ ওভারে ৮ উইকেটে ১১৫ রানের বেশি তুলতে পারেনি। কিষাণ শর্মা ১০ রানে ৩টি ও অমিত ডোম ১৫ রানে ২টি উইকেট দখল করেন।
বিজেপি সমর্থকদের মারধর, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি-র উপর তৃণমূলের হামলার অভিযোগ উঠল। শুক্রবার সকালে কাঁকসার অযোধ্যা গ্রামের ঘটনা। বিজেপি-র অভিযোগ, এ দিন সকালে তৃণমূলের হুমকি উপেক্ষা করেই কয়েকজন বিজেপি সমর্থক গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে দলীয় পতাকা লাগাচ্ছিলেন। হঠাত্ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি সমর্থকদের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় বিজেপি সমর্থক গোবিন্দ দলুই, শোভন দে ও সুমন দে’কে। শোভনবাবুর অভিযোগ, বিজেপি করলে বাড়ি ভাঙচুর ও গ্রাম ছাড়া করা হবে বলেও হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। বিজেপি-র দাবি, ওই হামলার জেরে তাদের ৫ জন সমর্থক আহত হয়েছেন। বিজেপির কাঁকসা অঞ্চলের যুব মোর্চার সাধারণ সম্পাদক রমন শর্মা জানান, তৃণমূলের হামলায় বিজেপি সমর্থক সৌরভ দে’র মাথা ফেটে যায়। পুলিশে অভিযোগ দায়ের করে রমনবাবুর হুঁশিয়ারি, “এ ভাবে মারধর করে তৃণমূল এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” যদিও তৃণমূলের কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “মারধরের কথা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ছেলেকে খুনে সাত বছরের জেল বাবার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বাবার ছোড়া বর্শায় মৃত্যু হয়েছিল ছেলের। এক বছর পরে সেই ঘটনায় অনিচ্ছাকৃত ভাবে খুনের দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড হল অভিযুক্ত সুকুমার মালের। সরকার পক্ষের আইনজীবী সদন তা জানান, গত বছর ২২ জুলাই ভাতারের বামুনপাড়া গ্রামের ওই ঘটনায় মৃত তোতন মালের স্ত্রী ফুলি দেবী শ্বশুরের বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন। তিনি আদালতকে জানিয়েছিলেন, তাঁর স্বামী ও শ্বশুর দুজনেই সাপের খেলা দেখান। ঘটনার দিন বাড়ি ফিরে এসে তোতন দুটি হাঁস কেনার জন্য বাবার কাছে ২০০ টাকা চাইলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। তখনই সুকুমার তোতনকে বর্শা ছুড়ে মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তোতনের। শুক্রবার বর্ধমানের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারক অজয়কুমার গুপ্তা অভিযুক্ত সুকুমার মালকে ছেলে তোতনকে অনিচ্ছাকৃত ভাবে খুনের দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
চোরাই বাইক উদ্ধার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
মোটরবাইক চুরি ও পাইপগান রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শহর সংলগ্ন তেলিপুকুর এলাকায় তল্লাশি চালাতে গিয়ে সন্ন্যাসী রুইদাস ও বুধন রুইদাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দু’টি চোরাই মোটরবাইক ও দু’টি পাইপগান মিলেছে বলে জানা গিয়েছে। ওই দু’জনকে জেরা করে আরও ১০টি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানিয়েছেন, ওই দু’জনকে শুক্রবার আদালতে করলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদের জেরা করে আরও কিছু চুরি হওয়া মোটরবাইক ও কয়েকজন দুষ্কৃতীর সন্ধান মিলতে পারে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যেই ওই দু’জনকে জেরা করে শেখ কুরবান নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।
ট্রাকের ধাক্কায় মৃত্যু গলসিতে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে গলসির রাকোনা মোড়ের কাছে জিটি রোডে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্যামল সিংহ রায়(৪০) ও শুভঙ্কর কুণ্ডু(৩০)। মৃত শ্যামলবাবুর বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার রামচন্দ্রপুর গ্রামে ও শুভঙ্করবাবুর বাড়ি উত্তর ২৪ পরগানার বসিরহাটে। তাঁরা একটি মিনি ট্রাকে করে কলকাতার একটি বেকারি থেকে বিস্কুট নিয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। তখন ট্রাকটি দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। ওই বেকারির ম্যানেজারও ওই গাড়িতে ছিলেন। তিনি গুরুতর আহত হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভোট নিয়ে বৈঠকে নেই এসএফআই
নিজস্ব সংবাদদাতা • কালনা
মহকুমার তিনটি কলেজে নির্বাচনের দিন স্থির করল প্রশাসন। শুক্রবার দুপুরে কালনা মহকুমাশাসকের কার্যালয়ে এসডিপিও একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিন থানার ওসি, তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। তবে এসএফআইয়ের কোনও ছাত্র প্রতিনিধি এ দিনের বৈঠকে হাজির ছিলেন না। এর আগেই জানুয়ারিতে কলেজ ভোট হবে বলে জানিয়ে দিয়েছিল জেলা প্রশাসন। এ দিন ঠিক হয় আগামী ৭ জানুয়ারি কালনা, পূর্বস্থলী ও মন্তেশ্বরের গৌড়মোহন কলেজে নির্বাচন হবে। দোসরা জানুয়ারি মনোনয়ন পত্র তোলার দিন স্থির হয়েছে। ৩ তারিখ মনোনয়ন জমা, ৫ তারিখ স্ক্রুটিনি ও তার পরের দিন মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্দিষ্ট করা হয়েছে।
কুলটি পুরসভায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
বেতন না মেলার অভিযোগে কুলটি পুরসভার অস্থায়ী শ্রমিকেরা শুক্রবার বিক্ষোভ দেখান পুরসভা চত্বরে। পুরসভার মূল দরজায় কিছুক্ষণের জন্য তালাও ঝুলিয়ে দেন তাঁরা। বিক্ষোভকারীদের পক্ষে রাজেশ সাউ অভিযোগ করেন, তাঁরা প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। তাঁদের আরও অভিযোগ, অনেকেই ন্যূনতম বেতন পাচ্ছেন না। তাঁদের বৈধ পরিচয়পত্রও নেই। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে পুর কর্তৃপক্ষ তাঁদের অভিযোগগুলি বিবেচনা করার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। কুলটি পুরসভায় প্রায় ৩৭০ জন অস্থায়ী কর্মী আছেন।
অস্বাভাবিক মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বর্ধমানের পাল্লা রোডে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কিংশুক সরকার (১৭)। সে পাল্লা রোড এসিএন স্মৃতি বিদ্যাপিঠের ছাত্র ছিল। সে এলাকায় উঠতি ফুটবলার হিসেবে পরিচিত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বুধবার বাড়িতে বকুনি খায় কিংশুক। তার পরেই সে কীটনাশক পান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
বিজেপিতে যোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
সংখ্যালঘুদের উন্নয়নে তৃণমূল উদাসীন, আসানসোলে এসে এমনই অভিযোগ করলেন বিজেপি-র সংখ্যালঘু সেলের সভাপতি শাকিল আনসারি। শক্রবার কুলটির নিয়ামতপুরে দলের একটি জনসভায় যোগ দেন তিনি। বাম ও তৃণমূল, কোনও পক্ষকেই সংখ্যালঘুদের বিশ্বাস করা উচিত নয় বলে দাবি করেন তিনি। সারদা-কাণ্ড নিয়েও রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন তিনি। শ’দেড়েক লোকজন এ দিন এই সভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগদান করেন।
চুরিতে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
মোটরবাইক চুরির অভিযোগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকার শরত্পল্লি রোড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম রাজেন্দ্র পাসোয়ান। দিন কয়েক আগে ওই এলাকা থেকে একটি মোটরবাইক চুরি যায়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি অপকর্মের কথা স্বীকার করেছে। অন্য দিকে, জাল ও আপত্তিকর সিডি মজুত ও বিক্রি করার অভিযোগে আসানসোলের গড়াই রোড এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলার প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা
তৃণমূলের গোপাল অঞ্চল কমিটির তরফে শুক্রবার ‘ধিক্কার দিবস’ পালন করা হল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে এই দিন তাদের একটি সভায় হামলা হয়। জনা দশেক তৃণমূল নেতা-কর্মী আহত হন। তার পর থেকেই এই দিনটি ধিক্কার দিবস হিসেবে পালন হয়। গোপালপুরের জলট্যাঙ্কের সামনে এ দিন সভা হয়।
পঞ্চায়েতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
একশো দিনের কাজে মজুরি মিলছে না। এই অভিযোগে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ’খানেক জব কার্ড হোল্ডার। শুক্রবার বিক্ষোভটি হয় অন্ডালের খান্ডরা পঞ্চায়েত কার্যালয়ে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টাকা না দেওয়ার জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া যাচ্ছে না।