মহম্মদ আনোয়ারের ‘ইনার আই’ দর্শনের মধ্যে দিয়ে এ যেন এক নতুন জীবনচর্চাকে পর্দায় ফুটে উঠতে দেখলেন বর্ধমানের বাসিন্দারা। সিনেমার নাম ‘আনোয়ার কা আজব কিস্সা’। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। এই সিনেমার মধ্য দিয়েই রবিবার সংস্কৃতি লোকমঞ্চে শুরু হল অষ্টাদশ ‘বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।’
আন্তর্জাতিক কী অর্থে? উৎসবের উদ্যোক্তা বর্ধমান চলচ্চিত্র কেন্দ্রের সম্পাদক অরিন্দম সরকার জানান, বিশ্বের নানা প্রান্তের ১২টি দেশের ১৩টি সিনেমা দেখানো হবে। তার মধ্যে রয়েছে জানিস নর্ডসের পরিচালিত লাটভিয়ান ছবি ‘মাদার, আই লাভ ইউ’। অস্ট্রিয়ার কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ জ্যাক আনটার ওয়েজারের জীবন অবলম্বনে তৈরি সিনেমা ‘জ্যাক’ও দেখার সুযোগ রয়েছে বর্ধমানবাসীর কাছে। আজ, ২২ নভেম্বর লিথুয়ানিয়ার ‘দ্য গার্ডেন অফ হেভেন’, ইটালির ‘মাই নেম ইস মায়া’ দেখানো হবে। এ ছাড়াও তালিকায় রয়েছে প্যালেস্টাইনের এক নারীর যন্ত্রণা নিয়ে তৈরি হওয়া সিনেমা ‘৩০০০ নাইটস’, মিশরের ‘বিফোর দি সামার ক্রাউডসে’র মতো বেশ কয়েকটি সিনেমাও। উৎসবের শেষ দিন দেখানো হবে ‘আসা যাওয়ার মাঝে’ এবং ‘কিংডম অফ অ্যান্টস’।
উৎসবটির ব্যবস্থাপনায় রয়েছে বর্ধমান জেলা পরিষদ, জেলা প্রসাশন, সিনে সেন্ট্রাল কলকাতা, ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি ইন ইন্ডিয়া। উদ্যোক্তারা জানান, উৎসব চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় দু’টি করে সিনেমা দেখানো হবে। প্রতিদিন উৎসবের দরজা খুলবে সওয়া ছ’টা নাগাদ। সাত দিনের জন্য প্রবেশ পত্র মিলবে ১০০ টাকায়।
রবিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ। অনুষ্ঠানে ‘ছায়াচিত্র’ নামে একটি স্মরণিকারও প্রকাশ করা হয়।
শহরে এমন উৎসবের আসর বসায় খুশি বাসিন্দারাও। সোমবার, সিনেমা দেখে বেরিয়ে আসার মুখে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রী বলেন, ‘‘শীত এলেই এখন আমরা অপেক্ষা করি, কখন শুরু হবে সিনে-উৎসব। এক ছাতের তলায় যেন বিশ্ব-দর্শন হয়।’’