আগুনের গ্রাসে বাড়ি। —নিজস্ব চিত্র।
হেঁশেলে রান্নার সময় ভয়াবহ ঘটনা। গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির একাংশ। ভস্মীভূত হল বাড়ির অনেকটা অংশ। পুড়ল আসবাব। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির বাসিন্দা। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের বর্ধমান থানা।
মঙ্গলবার দুর্ঘটনাটি হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান থানার বিজয়রামের ঘটিংগড় এলাকায়। দুপুরে বাড়িতে তেলেভাজা বানাচ্ছিলেন গৃহকর্ত্রী সান্ত্বনা বড়াল। তিনি বলেন, ‘‘তেলেভাজা ভাজব বলে গ্যাসের ওভেন জ্বালিয়েছে। হঠাৎ গ্যাস ‘লিক’ করতে শুরু করে। কিছু করার আগে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।’’
বিস্ফোরণের বড়াল পরিবারের বাড়ির একাংশ উড়ে যায়। ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে চটজলদি পুরো পরিবার কোনও রকমে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাই হতাহতের ঘটনা ঘটেনি।
বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। ওই এলাকার বাসিন্দা মিঠুন মণ্ডল বলেন, ‘‘ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। দমকলকর্মীদের বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’’
গৃহকর্তা গোবর্ধন বড়াল জানান, তেলেভাজা বিক্রি করে সংসার চলে তাঁদের। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও রান্নার প্রস্তুতি চলছিল। তখনই এই দুর্ঘটনা। দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই বাড়ির একাংশ ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে গ্যাস ‘লিক’ হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশও।