স্ত্রী খুনে স্বামীর যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • কালনা
বধূকে খুনের দায়ে তাঁর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সঙ্গে চার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পূর্বস্থলীর শ্রীরামপুর এলাকার ওই সাজাপ্রাপ্তের নাম অনুপ দে। ১৯৯৩ সালে পূর্বস্থলীর উমরা গ্রামের বাসিন্দা অর্চনা দের সঙ্গে শ্রীরামপুরের অনুপের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পণ চেয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করার অভিযোগ ওঠে অনুপ ও তার বাড়ির লোকজনের বিরুদ্ধে। ২০০৬ সালের এপ্রিলে দেওরের দোকানের একটি অনুষ্ঠানে যেতে না চাইলে অর্চনাদেবীকে বেল্ট ও কাঁচের বোতল দিয়ে মারধর করার অভিযোগ ওঠে। ওই রাতেই কেরোসিন ঢেলে অর্চনাদেবীর গায়ে আগুন লাগানো হয় বলেও অভিযোগ। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে শ্রীরামপুর হাসপাতাল পরে কলকাতায় পাঠানো হয়। সেখানেই মারা যান অর্চনাদেবী।
তৃণমূল অফিসে আগুন
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট
তৃণমূলের দফতরে আগুন লাগানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তা অস্বীকার করে সিপিএমের পাল্টা দাবি, তাদেরই এক কর্মীকে মারধর করে নজর অন্য দিকে ঘোরাতে নিজেরাই অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের লোকজন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের গোতিষ্ঠা বাসস্টপের কাছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সিউর গ্রামে তাদের পতাকা ছিঁড়ে প্রার্থীর নামের উপরে কালি ছিটিয়ে দেয় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদে এ দিন তারা গ্রামে মিছিল করে। তখন ফ্লেক্স সরানো ঝামেলা বাধলে তাদের অফিসে আগুন লাগানো হয় বলে তৃণমূলের দাবি। সিপিএম অবশ্য তা মানেনি। প্রশাসনের তরফে জানানো হয়, ঘটনাস্থলে পুলিশ ও নির্বাচন দফতরের কর্মীরা গিয়েছেন।
বিদ্যুৎ নিয়ে সচেতন করতে পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
ঠিকাদার কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা ও সুরক্ষা সম্বন্ধে সচেতন করতে উদ্যোগী হল রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কাটোয়া ডিভিশন। সোমবার কাটোয়া শহরের কল সেন্টার থেকে পদযাত্রা শুরু হয়। কাছারি রোড-ডাকবাংলো রোড-সার্কাস ময়দানের রাস্তা ঘুরে শেষ হয় পদযাত্রাটি। পদযাত্রায় ছিল সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন। পদযাত্রা শেষে কাটোয়া সংহতি প্রেক্ষাগৃহে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেন বিদ্যুৎ বন্টনের কর্তারা।
প্রতারণায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ
বাড়িতে কোনও সমস্যা হলে ‘যৎসামান্য’ দক্ষিণার বিনিময়ে যজ্ঞ করে সমাধান করে দেবেনএই লোভ দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে এক মহিলার অভিযোগের ভিত্তিতে লক্ষ্মণ প্রধান নামে ওই ব্যক্তিকে বুদবুদের মানকর থেকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
জিতল বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
কলকাতা বাস্কেটবল লিগে পরপর দুটি ম্যাচ জিতল গত বারের চ্যাম্পিয়ন বর্ধমান। জেলার অনূর্ধ্ব ১৪ মেয়েদের ওই দল প্রথম খেলায় ৫০-১৫ পয়েন্টে বরিষা অ্যাথলেটিক ক্লাবকে ও দ্বিতীয় খেলায় কলকাতা ছাত্র সমিতিকে ৩৯-৪ পয়েন্টে হারায়। দু’টি ম্যাচেই সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন জ্যোতি রাউত। ৬ এপ্রিল বর্ধমান খেলবে দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে। ছেলেদের বিভাগে অবশ্য বর্ধমান প্রথম খেলাতেই ৪০-৫২ পয়েন্টে কলকাতার বড়বাজার যুবক সঙ্ঘের কাছে হেরে যায়।
সংবর্ধনা রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
রেফারিজ অ্যাসোসিয়েশনের নবম বার্ষিক সভায় সংবর্ধনা দেওয়া হল অ্যাথলিট বিপ্লব মণ্ডলকে। ইসিএলর কর্মী, ৫৯ বছরের বিপ্লববাবু সম্প্রতি শ্রীলঙ্কায় আয়োজিত ভেটারেন অ্যাথলেটিক মিটে যোগ দেন। এর আগেও তিনি জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। এ দিন ৭২ জন রেফারিকে জার্সি তুলে দেওয়া হয় সংস্থার তরফে।
কোথায় কী
দুর্গাপুর: আইডিয়া রকস ইন্ডিয়া মেগা কনসার্ট। রাজীব গাঁধী ময়দান। সন্ধ্যা সাতটা।