সিবিআই জালে অর্থলগ্নি সংস্থার দুই অধিকর্তা

দীপাবলি শেষ হতে না হতেই ফের নড়েচড়ে বসেছে সিবিআই। সোমবার আকাশদীপ প্রোজেক্টস নামের একটি অর্থলগ্নি সংস্থার দুই অধিকর্তাকে গ্রেফতার করে সিবিআই। ধৃতেরা হল রঞ্জন চৌধুরী এবং তাপস প্রামাণিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১৯:৫৫
Share:

দীপাবলি শেষ হতে না হতেই ফের নড়েচড়ে বসেছে সিবিআই। সোমবার আকাশদীপ প্রোজেক্টস নামের একটি অর্থলগ্নি সংস্থার দুই অধিকর্তাকে গ্রেফতার করে সিবিআই। ধৃতেরা হল রঞ্জন চৌধুরী এবং তাপস প্রামাণিক।

Advertisement

সিবিআই সূত্রের দাবি, ওই সংস্থার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তোলা, টাকা নয়ছয়, ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে সংস্থার বিরুদ্ধে মামলাও রুজু করেছে সিবিআই।

এর আগে ওই অভিযোগের ভিত্তিতে অর্থলগ্নি সংস্থাটির বিরুদ্ধে অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা। সেখানে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে বলে সূত্রের দাবি। তার ভিত্তিতে এ দিন ওই সংস্থার দুই অধিকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি দেখা দেওয়ায় ওই দুই অধিকর্তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই।

Advertisement

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে সারদা, রোজ ভ্যালির মতো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের গতি নিয়ে নানা প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে এ বার সব বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিকদের গ্রেফতারের দাবিতে ৮ ডিসেম্বর সল্টলেকের সিবিআই অফিস অভিযানের ডাক দিল বেআইনি অর্থলগ্নি সংস্থার এজেন্টদের সংগঠন।

এ দিন এক সাংবাদিক বৈঠকে তারা জানিয়েছে, সিবিআই অফিস অভিযানের আগে ৫ ডিসেম্বর রাজ্যের সব ডিএম এবং এসপি অফিসেও স্মারকলিপি জমা দেওয়া হবে। ১৭ ডিসেম্বর কলকাতায় রানি রাসমনি অ্যাভিনিউয়ে সমাবেশের পরিকল্পনা রয়েছে বলেও সংগঠনের নেতারা জানিয়েছেন।

এজেন্ট সংগঠনের অভিযোগ, প্রশাসন ও শাসক দলের মদতে বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিকেরা লুকিয়ে রয়েছেন। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। এর ফলে বিভিন্ন জায়গায় এজেন্টরা নিগৃহীত হচ্ছেন। সম্প্রতি গোসাবায় এক এজেন্ট খুন হয়েছেন। সেই অভিযোগে কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement