Giriraj Singh Attacks

তন্তুজে বাংলাদেশি ও যন্ত্রচালিত কারখানায় তৈরি বস্ত্র: শান্তিপুরে এসে অভিযোগ বস্ত্রমন্ত্রী গিরিরাজের

শান্তিপুরের কর্মসূচিতে যে তাঁতি ও বয়নশিল্পীরা হাজির ছিলেন, তাঁদের গড় দৈনিক উপার্জন জানতে চান গিরিরাজ। উত্তর আসে— ‘দৈনিক গড়ে ২০০ টাকা’। গিরিরাজের পরবর্তী প্রশ্ন ছিল, ‘‘দৈনিক কত টাকা উপার্জন চান?’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩
Share:

(বাঁ দিকে) তাঁতি পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ, রয়েছেন শমীক ভট্টাচার্যও। মঞ্চে গিরিরাজ (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

ভোটমুখী পশ্চিমবঙ্গে তাঁতি ও বয়নশিল্পীদের সমাবেশে এসে তিন প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ। নির্বাচনে বিজেপি জিতলে তাঁতি ও বয়নশিল্পীদের উপার্জন ও ব্যবসা বাড়ানোর জন্য সরকার কী কী করবে, শোনালেন সেই আশ্বাস। তন্তুজের মতো সংস্থা তৈরি করার উদ্দেশ্যই কী ভাবে ‘ব্যর্থ’ হচ্ছে, সে প্রসঙ্গ টেনে আক্রমণ করলেন রাজ্য সরকারকেও।

Advertisement

বিজেপির তাঁতি ও বয়নশিল্পী সেলের রাজ্য আহ্বায়ক অনল বিশ্বাসের উদ্যোগে আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিতে রবিবার নদিয়ার শান্তিপুরে এসেছিলেন গিরিরাজ। কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং স্থানীয় সাংসদ জগন্নাথ সরকারও। হাজারখানের তাঁতি ও বয়নশিল্পীর উপস্থিতিতে সেখানে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন গিরিরাজ। কুটিরশিল্পভিত্তিক বা হাতে বোনা বস্ত্রকে তুলে ধরার উদ্দেশ্যেই তন্তুজের মতো প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল বলে গিরিরাজ মন্তব্য করেন। তার পরে অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গের এখন তন্তুজের মতো প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশ থেকে আসা এবং যন্ত্রচালিত কারখানায় তৈরি বস্ত্রের রমরমা। রাজ্যে বিজেপির সরকার তৈরি হলে তন্তুজ শুধুমাত্র হাতে বোনা বস্ত্রকেই তুলে ধরবে বলে তিনি ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যে পোশাক তৈরি হয়, সেই পোশাক যাতে শুধুমাত্র হাতে বোনা কাপড় দিয়েই তৈরি হয়, তার ব্যবস্থাও করা হবে বলে রবিবার জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী।

শান্তিপুরের কর্মসূচিতে যে তাঁতি ও বয়নশিল্পীরা হাজির ছিলেন, তাঁদের গড় দৈনিক উপার্জন জানতে চান গিরিরাজ। উত্তর আসে— ‘দৈনিক গড় ২০০ টাকা’। গিরিরাজের পরবর্তী প্রশ্ন ছিল, ‘‘দৈনিক কত টাকা উপার্জন চান?’’ উত্তর আসে— ‘৫০০ টাকা’। গিরিরাজ বলেন, ‘‘আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে দৈনিক ৫০০ টাকা নয়, আপনাদের জন্য দৈনিক ১৫০০ টাকা উপার্জনের ব্যবস্থা আমি করব। এখানকার বস্ত্রের জন্য সরাসরি আমেরিকা, ইউরোপে বাজার তৈরি করব।’’

Advertisement

কর্মসূচি শেষে স্থানীয় এক তাঁতির বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন গিরিরাজ। কর্মসূচির আয়োজক অনলের দাবি, ‘‘গিরিরাজ সিংহ যে ঘোষণা করেছেন, তা বাস্তবায়িত হলে সাত লক্ষ তাঁতি ও বয়নশিল্পী উপকৃত হবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement