(বাঁ দিকে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (ডান দিকে)। —ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতে কলকাতায় পৌঁছে যাচ্ছেন তিনি। তার পরে সোমবার সকালে প্রথমেই জ্ঞানেশ পৌঁছে যাবেন কালীঘাটে, মমতার পাড়ায়। সেখানে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। তার পরে শুরু হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁর বৈঠক এবং সফরের অন্য কর্মসূচি।
তিন দিনের সফরে রবিবার রাতেই রাজ্যে পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশের সঙ্গে এই দলে থাকছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। রবিবার রাতের বিমানে কলকাতায় পৌঁছে যাচ্ছেন তাঁরা। তবে ওই দিন জ্ঞানেশদের কোনও ঘোষিত কর্মসূচি নেই। সোম এবং মঙ্গলবার শহরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের। আলাদা ভাবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ।
সোমবার সকাল ১০টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন জ্ঞানেশ। সূত্রের খবর, ওই বৈঠকের আগে সকালেই তিনি চলে যাবেন কালীঘাট মন্দিরে। সঙ্গে থাকতে পারেন কমিশনের অন্য আধিকারিকেরাও। সোমবার সকালে এই কালীঘাট মন্দির দর্শনের বিষয়টি অবশ্য জ্ঞানেশদের প্রাথমিক সফরসূচিতে ছিল না।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ ঘিরে গত কয়েক মাসে কমিশন বনাম রাজ্য সরকার তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সংঘাত বার বার প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশেষণও উঠে এসেছে। কখনও ‘ভ্যানিশ কুমার’, কখনও ‘টর্চার কমিশন’ বলে আক্রমণ শানিয়েছেন মমতা। অপরিকল্পিত ভাবে এসআইআর করে সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে বলেও কমিশনকে নিশানা করেছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান। কমিশন ‘তুঘলক এবং হিটলার’-এর মতো আচরণ করছে, এমন অভিযোগও তুলেছেন মমতা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়েও কমিশনকে বিঁধেছেন তিনি।
এ বার বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সফরে এসে সেই কমিশনপ্রধান প্রথম গন্তব্য হিসাবে বেছে নিলেন রাজ্যের সরকারপ্রধানের পাড়াকেই। কালীঘাট মন্দির দর্শন করার পরেই বৈঠক শুরু করবেন তিনি। সোমবার সকাল থেকে দফায় দফায় বেশ কিছু বৈঠক রয়েছে কমিশনের। দিনের শেষে নির্বাচনী প্রস্তুতি নিয়ে পুলিশকর্তাদের সঙ্গেও বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এর পরে মঙ্গলবারও রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান-সহ অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। এই ঠাসা সফরসূচির মাঝে মঙ্গলবার বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে জ্ঞানেশের।