রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের বাইরে বিক্ষোভ কংগ্রেসের। — নিজস্ব চিত্র।
নির্বাচন কমিশন যে ভাবে চলছে, তাদের নিরপেক্ষতা ও দক্ষতার উপরে ভরসা রাখা যাচ্ছে না। তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এ বার বিধানসভা নির্বাচনের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যুক্তিগ্রাহ্য অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রেপেন্সি) কারণ দেখিয়ে শুনানির নামে মানুষের হয়রানির প্রতিবাদে সোমবার রাজ্যের নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে বিক্ষোভের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস। ব্যাঙ্কশাল কোর্টের সামনে জমায়েত করে সেখান থেকে মিছিল নিয়ে বিবাদী বাগে সিইও দফতরের দিকে গিয়েছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন প্রদেশ সভাপতি। পুলিশের সঙ্গে বাদানুবাদের পরে সিইও দফতরের কাছে রাস্তায় অবস্থান-বিক্ষোভে বসেছিলেন তাঁরা। সেখানেই শুভঙ্করের অভিযোগ, ‘‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতির নামে যেমন ইচ্ছে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এর কোনও যৌক্তিকতাই নেই। শুনানিতে ডেকে নথি জমা নেওয়ার পরে কী ফল হল, তা জানানো হচ্ছে না। এই ভোটারদের মধ্যে কারও নাম বাদ গেলে তিনি কারণ বুঝবেন কী ভাবে, তখন তাঁর করারই বা কী থাকবে?’’ যুক্তিগ্রাহ্য অসঙ্গতি সংক্রান্ত নির্দেশিকার প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। কেন্দ্রীয় সরকার এবং বিজেপির সঙ্গে যোগসাজশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কাজ করছেন, এই অভিযোগের সূত্রেই প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ‘‘কমিশনের অযোগ্যতা, অপদার্থতা প্রমাণিত হয়ে গিয়েছে। এই কমিশনের উপরে ভরসা রাখার জায়গা নেই। সুপ্রিম কোর্টের নজরদারিতেই বিধানসভা নির্বাচন হওয়া উচিত।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে