Dipsita Dhar

বক্তৃতার ভিডিয়ো বিকৃত করে ছড়ানো হচ্ছে সমাজমাধ্যমে! হাই কোর্টের দ্বারস্থ সিপিএম নেত্রী দীপ্সিতা ধর

দীপ্সিতার বক্তব্য, তাঁর ৪৫ মিনিটের বক্তৃতার কয়েক সেকেন্ড কেটে নিয়ে তা বিকৃত করে প্রচার করা হচ্ছে। ওই ঘটনার প্রেক্ষিতে এ বার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১১:২৬
Share:

দীপ্সিতা ধর। —ফাইল চিত্র।

বিকৃত ভিডিয়ো ছড়ানোর অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। বাম নেত্রীর অভিযোগ, তাঁর রাজনৈতিক সভার ভিডিয়ো এবং বক্তৃতা বিকৃত করে সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে। এর ফলে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন দীপ্সিতা। হাই কোর্ট তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

Advertisement

সোমবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন দীপ্সিতার আইনজীবী অভিষেক হালদার। আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বক্তৃতার ভিডিয়ো যে ভাবে বিকৃত করে ছড়ানো হচ্ছে, তাতে তাঁর মক্কেল আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচারপতি তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়ে জানান, তালিকা মেনে মামলার শুনানি হবে।

এ বারের নির্বাচনে দমদম উত্তর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপ্সিতা। নির্বাচন পরবর্তী সময়েও দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বেশ সক্রিয় তিনি। এরই মধ্যে সম্প্রতি দীপ্সিতার একটি বক্তৃতার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এ বিষয়ে দীপ্সিতার সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, “৪৫ মিনিটের বক্তৃতার কয়েক সেকেন্ড কেটে নিয়ে তা বিকৃত করে প্রচার করা হচ্ছে। এ নিয়ে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার পরেও কোনও পদক্ষেপ করা হয়নি।”

Advertisement

দীপ্সিতার অভিযোগ, সম্প্রতি তাঁর ছবি লাগানো পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় তাঁর নিজের উপরেও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন সিপিএম নেত্রী। তাঁর কথায়, “কে বলতে পারে যে কাল এর থেকেও বড় কিছু হবে না!” উল্লেখ্য, দীপ্সিতার সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য পেশ হচ্ছে বলে গত ৪ জুন নিমতা থানায় অভিযোগ দায়ের হয়। তাঁর নির্বাচনী প্রচারের ফ্লেক্স ছেঁড়া এবং তাতে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানানো হয় অভিযোগপত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement