Marks Upload

পোর্টালে মূল্যায়নের নম্বর তোলার সময় বাড়ল, তবু সমস্যা মিটবে কি

শিক্ষকেরা জানাচ্ছেন, আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যাক্রমিক মূল্যায়নের নম্বর বছরের শেষে সার্বিক মূল্যায়নের সময়েই ওই এসএমএস পোর্টালে আপলোড করা যেত। কিন্তু চলতি বছর থেকে নিয়ম হয়েছে যে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যাক্রমিক পরীক্ষার নম্বর আলাদা আলাদা সময়ে আপলোড করে সামগ্রিক মূল্যায়ন করতে হবে।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৮:৫৪
Share:

— প্রতীকী চিত্র।

স্কুলের পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বাংলা শিক্ষার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) পোর্টালে তোলার সময়সীমা ১৫ জুন থেকে বাড়িয়ে ৩০ জুন করা হল। কিন্তু শিক্ষকদের অভিযোগ, শুধু সময় বাড়িয়ে লাভ নেই। বেশিরভাগ সময়ে ওই পোর্টালের সার্ভার ডাউন থাকে, ফলে নম্বর আপলোড করা যাচ্ছে না। প্রথম পর্যাক্রমিক মূল্যায়ন এপ্রিলে হয়ে গেলেও এখনও বহু স্কুল সেই নম্বর পোর্টালে আপলোড করতে পারেনি। শিক্ষকদের প্রশ্ন, সময়সীমা না বাড়িয়ে সার্ভার ডাউন থাকার সমস্যার সমাধান কেন করা হচ্ছে না? কারণ, ওই সমস্যা মিটলে তবেই স্থায়ী সমাধান সম্ভব।

শিক্ষকেরা জানাচ্ছেন, আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যাক্রমিক মূল্যায়নের নম্বর বছরের শেষে সার্বিক মূল্যায়নের সময়েই ওই এসএমএস পোর্টালে আপলোড করা যেত। কিন্তু চলতি বছর থেকে নিয়ম হয়েছে যে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যাক্রমিক পরীক্ষার নম্বর আলাদা আলাদা সময়ে আপলোড করে সামগ্রিক মূল্যায়ন করতে হবে। সেইমতো প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের নম্বর ১৫ জুনের মধ্যে আপলোড করার কথা বলা হয়েছিল। ডোমজুড়ের কেশবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস বলেন, ‘‘১৫ তারিখ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হলেও কোনও লাভ হবে কি? ওই পোর্টালে বেশির ভাগ সময়েই নম্বর আপলোড করতে সমস্যা হচ্ছে। কারণ, সার্ভার ডাউন। হয়তো গভীর রাতে বা ভোরে সার্ভার ঠিক থাকায় কিছু নম্বর আপলোড করা গেল। কিন্তু এ ভাবে সব সময়ে পোর্টাল খুলে বসে থাকা কি সম্ভব? আমাদের স্কুলে বহু শিক্ষক তাঁদের ক্লাসের পড়ুয়াদের প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের নম্বর এখনও পোর্টালে আপলোড করতে পারেননি। তাই পোর্টালের সার্ভার আপডেট করার দাবি জানাচ্ছি।’’

এর আগে তিনটি পর্যাক্রমিক পরীক্ষার নম্বর এক সঙ্গে আপলোড করার জন্য সার্ভারের সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তাই তিনটি মূল্যায়নের নম্বর আলাদা আলাদা সময়ে আপলোড করার কথা বলায় অনেকে ভেবেছিলেন, সার্ভারে চাপ কম থাকায় হয়তো আর সমস্যা হবে না। কিন্তু দেখা যাচ্ছে, তার পরেও সেই সমস্যা মেটেনি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘এই পোর্টালে নম্বর আপলোড করা থাকলে যে কোনও সময়ে প্রয়োজনে পড়ুয়াদের মার্কশিট ডাউনলোড করে দেওয়া যায়। কিন্তু সার্ভারের সমস্যা এতটাই যে, শেষ পর্যন্ত হাতে লিখে আমাদের মার্কশিট দিতে হয়। এ বারও কি তাই হবে?’’ কিঙ্করের অভিযোগ, ব্যাঙ্ক বা সরকারি অফিসেও প্রচুর ডেটা আপলোড করতে হয়। কিন্তু সেখানে এমন অসুবিধার কথা শোনা যায় না।

শিক্ষকেরা জানাচ্ছেন, আগামী অগস্টে দ্বিতীয় পর্য়াক্রমিক মূল্যায়ন হবে। প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের নম্বর আপলোড হতেই যদি জুন মাস হয়ে যায়, তা হলে পরের মূল্যায়নের নম্বর আপলোড সময়মতো করা যাবে কিনা, সেই প্রশ্ন উঠছে। শিক্ষা দফতর অবশ্য জানিয়েছে, দ্বিতীয় ও তৃতীয় পর্যাক্রমিক মূল্যায়নের নম্বর যথাক্রমে ১৫ অক্টোবর এবং ৩১ ডিসেম্বরের মধ্যে আপলোড করতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন