Eastern Railway

শনি, রবি, সোম! হাওড়া, শিয়ালদহ বিভাগে বাতিল একগুচ্ছ লোকাল, কয়েকটি এক্সপ্রেসের সূচি বদল

বিভিন্ন মেরামতি বা নির্মাণের কাজের কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল। সূত্রের খবর, কোথাও নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ হবে, আবার কোথাও সাবওয়ে নির্মাণের কাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২১:৩৩
Share:

বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন। বিভিন্ন মেরামতি বা নির্মাণের কাজের কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল। সূত্রের খবর, কোথাও নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ হবে, আবার কোথাও সাবওয়ে নির্মাণের কাজ।

Advertisement

হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাটোয়া শাখার খামারগাছি এবং জিরাট স্টেশন ও জিরাট এবং গুপ্তিপাড়া স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে একটি সাবওয়ে তৈরির কাজ হবে। সেই কারণে আগামী ২ মে ৬ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। প্রভাব পড়বে ট্রেন চলাচলের উপর। পাওয়ার ব্লকের কারণে কাটোয়া-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল, কাটোয়া-শিয়ালদহ, হাওড়া-কাটোয়া, হাওড়া-ব্যান্ডেল, শিয়ালদহ-কাটায়ো লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।

কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বদল করেছে পূর্ব রেল। হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস আগামী শনিবার দুপুর ২টোর পরিবর্তে ছাড়বে বিকেল পৌনে ৬টায়। মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস সকাল ৬টার পরিবর্তে ছাড়বে সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ।

Advertisement

এ ছাড়াও, রিষড়া স্টেশন সংলগ্ন ক্রসিং গেটের সাবওয়ের কাজ হবে। সেই কারণে হাওড়া-ব্যান্ডেল শাখায় শনি এবং সোমবার সাময়িক পাওয়ার ব্লক করবে রেল। শনিবার বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল-হাওড়া, গোঘাট-হাওড়া, বর্ধমান-হাওড়া শাখার বেশ কয়েকটি ট্রেন। আর সোমবার বাতিল থাকবে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-গোঘাট, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডল-হাওড়া শাখার ট্রেন। কয়েকটি মেমু বাতিলের কথাও জানিয়েছে পূর্ব রেল।

হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া মোকামা এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে। শনিবার হাওড়া থেকে ছেড়ে ট্রেনগুলি ডানকুনি, বর্ধমান হয়ে যাবে গন্তব্যে। রবিবারের হাওড়া-নয়াদিল্লি স্পেশ্যাল এবং হাওড়া-বর্ধমান মেমুও ওই একই রুটে চালানো হবে। শনিবারের হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময়সূচি বদল করেছে রেল। ওই এক্সপ্রেস রাত ১১টা ৩৫ মিনিটের পরিবর্তে ছাড়বে পরের দিন সকাল ৬টা ৫ মিনিটে। আর কাটিহার-হাওড়া এক্সপ্রেস রবিবার দুপুর সাড়ে ৩টের পরিবর্তে ছাড়বে সন্ধ্যা ৭টায়।

হাওড়া ডিভিশন ছাড়াও শিয়ালদহেও অনেক ট্রেন বাতিল থাকবে। দমদমে নর্থ ইয়ার্ডে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে শনিবার রাতে। সেই কারণে শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে পরের দিন সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক করা হবে। শনিবার রাতের দিকে আপ-ডাউন শিয়ালদহ-ডানকুনি লোকাল, রবিবার সকালে শিয়ালদহ-হাবড়া এবং শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ-ডাউন মিলিয়ে তিন জোড়া লোকাল বাতিলের কথা জানিয়েছে রেল। শনিবার রাতের শেষ বনগাঁ-শিয়ালদহ এবং হাসনাবাদ-শিয়ালদহ লোকাল আসবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।

শুক্রবার, মে দিবসে কলকাতা মেট্রোর সূচিতে বদল করা হয়েছে। ওই দিন ৫৮টি মেট্রো কম চলবে। ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে ওই দিন মোট ২৪৪টি পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। গ্রিন লাইনে আপ-ডাউন মিলিয়ে পয়লা মে ২০৪টি পরিষেবা চালানো হবে। আর ইয়েলো লাইনে চলবে ৯২টি পরিষেবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement