Partha Chatterjee

পার্থকে এসএসসি নিয়ে ইডির ‘প্রশ্নবাণ’

এসএসসি-র মামলায় পার্থর ভূমিকা নিয়ে তদন্ত শুরু করে ইডি। ইডি সূত্রে দাবি, পার্থ মন্ত্রী থাকাকালীন অর্থাৎ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের কোন কোন পদে কোন ব্যক্তি ছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা কী দায়িত্ব পালন করেছিলেন জানতে পার্থকে নোটিস দেওয়া হয়েছে।

শুভাশিস ঘটক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৭:২৯
Share:

পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তদন্তের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগী হল ইডি। সোমবার ২৫টি প্রশ্ন বিশিষ্ট একটি নোটিস জারি করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। ওই প্রশ্নগুলির জবাব ১৮ মার্চের মধ্যে ইডির দফতরে পাঠিয়ে দেওয়ার জন্য নোটিসে নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডির কর্তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এসএসসি এবং প্রাথমিকের দু'টি মামলা দায়ের করে তদন্ত শুরু করে ইডি। প্রাথমিকের মামলায় ২০২৩ সালের ২২ জুলাই পার্থকে বাড়ি থেকে গ্রেফতারও করে তারা। এখন ওই মামলায় পার্থ জামিনে রয়েছেন। ওই মামলার বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে।

তবে এসএসসি-র মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করেনি ইডি। সম্প্রতি কলকাতা হাই কোর্টে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের জামিনের শুনানিতে বিচারপতি ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র প্রাথমিকের দুর্নীতিতে জড়িত। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের মামলায় কোনও ভাবে জড়িত নন। এটা বাস্তব নয়। পার্থকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়নি। তদন্তকারী সংস্থার ওই বিষয়ে ঢিলেমি রয়েছে বলে মনে হচ্ছে।’’ এর পরই ইডির আইনজীবী ৩০ মার্চের মধ্যে পার্থকে এসএসসি-র মামলার আওতায় নিয়ে আসার আইনি পদক্ষেপ করা হবে বলে আদালতে মন্তব্য করেছিলেন।

এর পর থেকেই এসএসসি-র মামলায় পার্থর ভূমিকা নিয়ে তদন্ত শুরু করে ইডি। ইডি সূত্রে দাবি, পার্থ মন্ত্রী থাকাকালীন অর্থাৎ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের কোন কোন পদে কোন ব্যক্তি ছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা কী দায়িত্ব পালন করেছিলেন জানতে পার্থকে নোটিস দেওয়া হয়েছে। এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরও বেশ কিছু প্রশ্নও পার্থের কাছে পেশ করেছে ইডি। এই প্রশ্নবাণে প্রাক্তন শিক্ষামন্ত্রী ফের বিপাকে পড়বেন বলে ইডির তদন্তকারীদের সূত্রে দাবি।তবে সূত্রের খবর, পার্থ অসুস্থ। সম্প্রতি তাঁর কাঁধের হাড় ভেঙে গিয়েছে। অস্ত্রোপচার করা হয়েছে।

ইডির তদন্তকারীদের কথায়, ১৮ মার্চ প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর আসার পরে তা যাচাই করা হবে। পরে নাকতলায় পার্থর বাড়িতে গিয়েও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন