গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নবান্নের অনুরোধে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সফর স্থগিত রাখল নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ মার্চ কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় ৮ জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল। ১ এবং ২ মার্চ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁদের।
কিন্তু বুধবার কমিশনের পক্ষ থেকে ওই বৈঠক স্থগিত করার কথা জানিয়েছে। তারা জানিয়েছে, ওই বৈঠকের পরবর্তী তারিখ জানানো হবে। রাজ্য সরকার কেন কমিশনের প্রতিনিধিদের না আসার জন্য অনুরোধ করেছিল? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন, রবিবার (১ মার্চ) ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ রয়েছে। তার আগের দিন (২৮ ফেব্রুয়ারি) ভোটার তালিকা প্রকাশিত হবে। সিবিএসই এবং আইসিএসই পরীক্ষাও চলছে এখন। ৩ মার্চ রয়েছে দোলযাত্রা। এই পরিস্থিতিতে রাজ্যের অনুরোধে কমিশনের প্রতিনিধিরা সফর স্থগিত রেখেছেন। তাঁর দফতরের এক কর্তার কথায়, ‘‘২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তার পরের দিন প্রতিনিধিদের রাজ্যে যাওয়ার কথা ছিল। হতে পারে আইনশৃঙ্খলাজনিত কারণেই ওই সফর পিছিয়ে দিতে বলা হয়েছে।’’
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল। কমিশনের মতে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সব তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন। তবে যদি ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (তথ্যগত অসঙ্গতি) বা ‘আনম্যাপড ক্যাটেগরি’ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, তবে কমিশন তালিকা ধারাবাহিক ভাবে প্রকাশ করবে। তার পরেই ওই বার্তা দেওয়া হয় কমিশনের তরফে। সেই সঙ্গে জানানো হয়, আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে বুথবিন্যাসের পরিকল্পনা আপাতত বাতিল করা হল। ৮০৬৮১টি বুথই থাকছে রাজ্যে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শেষ না হওয়ায় বুথবিন্যাস করা হবে না বলে জানিয়েছে সিইও দফতর।