Court Case

আবাসন খালির নোটিসে স্থগিতাদেশ হাই কোর্টের

বেলা দু’টোর পরে বিচারপতি ভট্টাচার্য শুনানি শুরু করেন। মামলাকারীর আইনজীবী শুনানিতে উপস্থিত থাকলেও দমকল ও পুলিশের কোনও কৌঁসুলি উপস্থিত ছিলেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৮:১২
Share:

—প্রতীকী চিত্র।

ডায়মন্ড হারবার রোডের একটি ছ'তলা আবাসন ২৪ ঘণ্টার মধ্যে খালি করা নিয়ে দমকলের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শনিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ৩০ জুন অথবা কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত দমকলের ডিজি-র জারি করা ওই নোটিসের উপরে স্থগিতাদেশ থাকবে। ৮ জুন কোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি হবে মামলাটির। প্রসঙ্গত, উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও সুরক্ষা না-থাকায় ওই আবাসন খালি করতে নির্দেশ দিয়েছিল দমকল। তার বিরুদ্ধে আবাসনের এক বাসিন্দা কোর্টের দ্বারস্থ হন। সেই আর্জির পরিপ্রেক্ষিতে শনিবার, কোর্টের ছুটির দিনে বিশেষ শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি সুজয় পাল।

বেলা দু’টোর পরে বিচারপতি ভট্টাচার্য শুনানি শুরু করেন। মামলাকারীর আইনজীবী শুনানিতে উপস্থিত থাকলেও দমকল ও পুলিশের কোনও কৌঁসুলি উপস্থিত ছিলেন না। শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, কোনও আবাসনকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে খালি করার নির্দেশিকা জারি করার আগে রাজ্যের দমকল আইনের ৩৭এ(১) ধারা অনুযায়ী নির্মাণের অগ্নি নির্বাপণ ব্যবস্থার অনুসন্ধান করে বিপদের উপযুক্ত মূল্যায়ন করতে হয় দমকল অধিকর্তাকে। তাই চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগে নির্দেশিকা জারির পিছনে দমকল দফতরের কাছে থাকা তথ্য ও যুক্তি বিবেচনা করারপ্রয়োজন আছে।

সূত্রের খবর, ১৫ মে আচমকা ওই বহুতল পরির্দশন করেন দমকল অফিসারেরা। উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই, এই যুক্তি দেখিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পুরো আবাসন খালি করার নির্দেশিকা জারি করা হয়। এ দিন মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, আইন উপেক্ষা করে কোনও নোটিস ছাড়াই ওই আবাসনের অগ্নি নির্বাপণ ব্যবস্থার অনুসন্ধান করেছিল দমকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন