Digha Jagannath Temple

দিঘার জগন্নাথ ধামে রেকর্ড ভিড়, প্রথম বর্ষপূর্তির আগেই দর্শনার্থী ১.৩৩ কোটি ছাড়াল, জানালেন মন্দির কর্তৃপক্ষ

২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্দিরটির উদ্বোধন হয়। পরে এর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইসকনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:১৬
Share:

অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের বর্ষপূর্তি। নিজস্ব ছবি

প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে নজির দিঘার জগন্নাথ ধামের। উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত ১.৩৩ কোটিরও বেশি ভক্ত ও দর্শনার্থী সেখানে গিয়েছেন, যা রাজ্যের ধর্মীয় পর্যটনের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে ধরা হচ্ছে। অক্ষয় তৃতীয়ার ঠিক আগে এই সাফল্য বিশেষ তাৎপর্য বহন করছে।

Advertisement

২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্দিরটির উদ্বোধন হয়। পরে এর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। অতি অল্প সময়ের মধ্যেই এই মন্দির দেশ-বিদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক গন্তব্যে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে ইসকনের তরফে। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তদের আগমন ক্রমশ বেড়েছে। ইসকন কলকাতার সহ-সভাপতি তথা মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস বলেন, “এক বছরের মধ্যে ১.৩৩ কোটিরও বেশি ভক্তের আগমন শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, এটি ভগবান জগন্নাথের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ও ভক্তির প্রতিফলন। এই ধাম এমন এক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে ধর্মীয় ও সামাজিক বিভাজন অতিক্রম করে মানুষ একত্রিত হচ্ছেন।’’

এ দিকে, প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ পূজা, যজ্ঞ এবং নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের তরফে বিপুল ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং ভক্তদের সুবিধার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধানসভা ভোটের কারণে ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। তাই এ বারের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি শামিল হবেন না বলেই খবর। মন্দিরে এ বার প্রতিষ্ঠা হবে গৌর-নিতাইয়ের বিগ্রহও। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে আধ্যাত্মিক রীতিনীতি মেনে মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে গৌর-নিতাইয়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement