Weather Update

দক্ষিণবঙ্গে নববর্ষের শুরুতেই বাড়বে গরম, ঝরবে ঘামও! সতর্কবার্তা আলিপুরের, উত্তরবঙ্গের পূর্বাভাস কী

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়তে থাকবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৯:৫০
Share:

এ বার গরম বাড়বে রাজ্যে। —ফাইল চিত্র।

বাংলা নববর্ষের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়তে থাকবে পশ্চিমবঙ্গে। বিশেষত দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বেশ খানিকটা হেরফেরের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গরম বাড়বে কলকাতায়ও। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়তে থাকবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। ১১ থেকে ১৩ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ১৪ এপ্রিল থেকে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তার ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং এক লাফে কয়েক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকবে।

দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে গত কয়েক দিন উত্তরবঙ্গের ওই জেলাগুলিতে যে দুর্যোগের ছবি দেখা গিয়েছে, তা বদলাবে। ওই তিন জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছিল। তার ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি ছিল। আপাতত আর সেই সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement