West Bengal Election 2026

দলীয় প্রার্থী বদলের দাবি, বিক্ষোভ বিজেপি অফিসে

বুধবার ওই দাবি নিয়ে উদয়নারায়ণপুরের পাঁচ জন বিজেপি মণ্ডল সভাপতি দলের গ্রামীণ জেলা সদর কার্যালয়ে এসে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১০:১০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উদয়নারায়ণপুরে দলীয় প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মী-সমর্থকদের একটা বড় অংশ। ওই দাবিতে বুধবার বিক্ষোভ হল উলুবেড়িয়ার মনসাতলায় দলের গ্রামীণ জেলা সদর কার্যালয়ে। বিক্ষোভকারীরা চান, স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। তাঁরা প্রার্থী বদলের দাবিতে ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছেন। উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী করেছে হাওড়া সদরের নেতা প্রভাকর পণ্ডিতকে।

বুধবার ওই দাবি নিয়ে উদয়নারায়ণপুরের পাঁচ জন বিজেপি মণ্ডল সভাপতি দলের গ্রামীণ জেলা সদর কার্যালয়ে এসে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক মনীশ সিংহ, উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক আদিত্য ঝা প্রমুখ। দলীয় সূত্রের খবর, নেতারা সাফ জানান, প্রার্থী বদল হবে না। এরপরেই বিক্ষোভ শুরু হয়ে যায়। তা সামাল দিতে হিমশিম খান দলের জেলা নেতৃত্ব। শেষ পর্যন্ত আলোচনা ছেড়ে চলে যান উদয়নারায়ণপুরের মণ্ডল সভাপতিরা। আলোচনা চলাকালীনও একদল কর্মী বিক্ষোভ দেখান।

উদয়নারাণপুরের মণ্ডল সভাপতিরা বিক্ষোভের দায় নেননি। সেখানকার ৫ নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘‘আমরা প্রার্থী বদল নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। এমন সময় বিক্ষোভ শুরু হয়। তবে, কারা বিক্ষোভ দেখান, বলতে পারব না।’’ দলের গ্রামীণ জেলা নেতা রমেশ সাধুখাঁ বলেন, ‘‘প্রার্থী নিয়ে আলোচনা চলাকালীন একটা সমস্যা হয়েছিল। তবে, ছোটখাটো ব্যাপার।’’ প্রার্থী প্রভাকর বলেন, ‘‘দলের নির্দেশমতো কাজ করছি। আমাকে নিয়ে দলের কারও ক্ষোভ আছে বলে শুনিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন