—প্রতিনিধিত্বমূলক ছবি।
বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকে নিয়ে দলের নিচুতলার কর্মীদের উৎসাহ দেখা দিয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার শ্যামপুরের শসাটিতে শ্যামপুর-১ ও ২ ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় তিনি বলেন, ‘‘আমরা একলা চলো নীতি নেওয়ার আগে কর্মীদের মত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত কর্মীরা কী ভাবে গ্রহণ করছেন, তা-ও কর্মিসভা ডেকে যাচাই করে নেওয়া হচ্ছে। কর্মীরা উৎসাহী।’’ তিনি বক্তব্য পেশ করার আগে সংগঠনকে কী ভাবে মজবুত করা হবে, সে বিষয়ে জানতে চান। কর্মীরা জানিয়ে দেন, দল যে ভাবে কারও সাথে জোট না করে বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের শোভান মোল্লা বলেন, ‘‘জেতা হারা বড় কথা নয়। দল যে নিজের শক্তিতে লড়াই করবে সেটাই আমাদের কাছে যথেষ্ট।’’ আমতা কেন্দ্র থেকে সফিকুল ইসলাম বলেন, ‘‘অন্য দলের সঙ্গে জোট করতে গিয়ে আমাদের সংগঠন শেষ হয়ে গিয়েছে। একা লড়াই করলে ফের ঘুরে দাঁড়ানো যাবে।’’ হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেস সভাপতি আলম দেইয়ান জানান, জেলা জুড়ে এমন কর্মিসভা আরও হবে। সংগঠনকে মজবুত করতে রাহুল গান্ধী শীঘ্রই কলকাতায় রোড শো করবেন বলে জানান শুভঙ্কর।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে