মিথিলা এক্সপ্রেস। —ছবি : সংগৃহীত
মিথিলা এক্সপ্রেসে আগুনের ঘটনায় রেল কর্তৃপক্ষ এবং আরপিএফের নজরে এক সন্দেহভাজন। স্টেশন চত্বরের ক্যাব রোডে ওই অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির কার্যকলাপ সিসিটিভিতে ধরা পড়ে। সেখানে দেখা গিয়েছে ওই ব্যাক্তিকে প্যাকেট জাতীয় কোনও দ্রব্যে আগুন ধরাতে। তাঁর সন্ধান চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, গত ১৯ মে মিথিলা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার ঘণ্টাখানেক আগে ওই ব্যক্তিকে আট নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ যেই প্ল্যাটফর্ম থেকে মিথিলা এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল, সেখান থেকে খানিক দূরত্বে ওই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার কিছু ক্ষণ পরেই ওই ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বোরোতে দেখা যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেল আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত জেনারেল কামরাটিকে আলাদা করে অন্য একটি কামরা জুড়ে দেওয়া হয়। তারপর ট্রেনটি তাঁর গন্ত্যব্যের উদ্দেশে রওনা হয়।
এই ঘটনায় রেলের হাওড়া বিভাগেক সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার চোক্কা রঘুবীর বলেন, “সন্দেহভাজনের ছবি প্রস্তুত করা হয়েছে এবং তাকে ধরতে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে। হচ্ছে।অভিযুক্তকে গ্রেফতারের জন্য ছয়টি বিশেষ দল কাজ করছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থের গন্ধ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে কোনও দাহ্য পদার্থ ব্যবহার করেই এই ঘটনা ঘটানো হয়েছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে।”