দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনলেন তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত সদস্যদের একাংশ। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট ১ ব্লকের বালি পঞ্চায়েতে। সোমবার বিকেলে ওই অনাস্থা প্রস্তাব লিখিত আকারে গোঘাট ১ নম্বর বিডিও এবং মহকুমাশাসকের দফতরে জমা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩০
Share:

দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনলেন তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত সদস্যদের একাংশ। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট ১ ব্লকের বালি পঞ্চায়েতে। সোমবার বিকেলে ওই অনাস্থা প্রস্তাব লিখিত আকারে গোঘাট ১ নম্বর বিডিও এবং মহকুমাশাসকের দফতরে জমা দেওয়া হয়। আরামবাগের মহকুমাশাসক প্রতুলকুমার বসু বলেন, ‘‘অনাস্থা প্রস্তাব খতিয়ে দেখে পঞ্চায়েত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি পঞ্চায়েত বিরোধীশূন্য। এখানে ১৯টি আসনের সবকটিই তৃণমূলের দখলে। প্রধানের বিরুদ্ধে আনা ওই অনাস্থা প্রস্তাবে ১১ জন সদস্য সাক্ষর করেছেন। ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী, পঞ্চায়েতের মোট সদস্যের এক তৃতীয়াংশ অনাস্থা প্রকাশ করলেই প্রধানকে ১৫ দিনের মধ্যে তলবি সভা ডাকতে হবে। প্রধান না ডাকলে ব্লক প্রশাসন ডাকবেন। সেই তলবি সভায় প্রধানের পক্ষে ৫০ শতাংশের বেশি সদস্য হাজির না থাকলে নতুন প্রধান নির্বাচন করা হবে। অনাস্থার পক্ষে থাকা পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক বিকাশ কাবড়ির অভিযোগ, “কোনও সদস্যের সঙ্গে আলোচনা না করে প্রধান একাই সব সিদ্ধান্ত নেন। ১০০ দিনের কাজ প্রকল্প-সহ নানান প্রকল্পে দুর্নীতি হচ্ছে। অর্থের বৈঠক হচ্ছে না। নিজস্ব তহবিল কোন খাতে খরচ হচ্ছে সেটাও জানানো হচ্ছে না। তাই বাধ্য হয়ে অনাস্থা ডাকা হয়েছে।’’ যদিও পঞ্চায়েত প্রধান অশোক রায় কোনও অভিযোগই মানেননি। তাঁর পাল্টা দাবি, ‘‘অনাস্থা আনার খবর জানা নেই। তবে দুর্নীতিগ্রস্ত কিছু সদস্যের লুটেপুটে খাওয়া বন্ধ। তাই ক্ষোভ ছিল। এর আগেও ওরা অনাস্থা এনেছিল। তাতে দু-চারটি বাদে সব সাক্ষর জাল বলে প্রমাণ হয়।”

দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রসঙ্গে তৃনমূলের গোঘাট ১ ব্লক সভাপতি মনোরঞ্জন পাল জানান, প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের সিদ্ধান্ত নয়। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement