Fraud Telecom Company

ভুয়ো সংস্থা খুলে ফোনের সংযোগ, ধৃত আরও এক

এ দিকে, ওই ভুয়ো সংস্থার জন্য রাজস্ব খাতে সরকারের প্রচুর টাকার ক্ষতি হচ্ছিল। পাশাপাশি, কোথা থেকে ফোনগুলি আসছে, সেটাও চিহ্নিত করা কঠিন হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০৩:০৬
Share:

—প্রতীকী ছবি

ভুয়ো টেলিকম সংস্থা খুলে সমান্তরাল নেটওয়ার্ক চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

Advertisement

এসটিএফ সূত্রের খবর, শুক্রবার হওড়ার বেণীমাধব মুখার্জি লেনে অভিযান চালিয়ে সুনীল সাউ নামে এক ব্যক্তিকে ধরা হয়। এ নিয়ে এই অভিযোগে দ্বিতীয় কোনও মাথাকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৭৫টি সিম কার্ড, সিম স্লট, অ্যাডাপ্টর, কেবল, ল্যাপটপ ও মোবাইল ফোন। এসটিএফ জানিয়েছে, গত ৪ ডিসেম্বর কসবা থানায় সল্টলেকের এক টেলিকম-কর্তা অভিযোগ দায়ের করেন। তাতে তিনি জানান, রাজডাঙা মেন রোডে একটি ভুয়ো সংস্থা খুলে ‘সিম বক্স’ প্রযুক্তি ব্যবহার করে টেলিকম নেটওয়ার্ক চালানো হচ্ছে। যদিও ওই সংস্থা গ্রাহকদের কাছে পরিচয় দিয়েছিল বিদেশি নেটওয়ার্ক অপারেটর হিসেবে। শুধু তা-ই নয়, অন্যান্য টেলিকম সংস্থার চেয়ে তারা কম টাকা নিত গ্রাহকদের থেকে। ফলে অনেকেই তাদের ফাঁদে পা দিয়ে গ্রাহক হয়েছিলেন।

এ দিকে, ওই ভুয়ো সংস্থার জন্য রাজস্ব খাতে সরকারের প্রচুর টাকার ক্ষতি হচ্ছিল। পাশাপাশি, কোথা থেকে ফোনগুলি আসছে, সেটাও চিহ্নিত করা কঠিন হচ্ছিল। ফলে এই ঘটনায় নিরাপত্তার বিষয়টিও জড়িয়ে ছিল। তবে যাঁরা এই সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করেন, তাঁরা কম খরচে বিদেশে ফোন করতে পারেন। চলতি মাসে অভিযোগ পেয়েই এসটিএফ এবং কসবা থানার পুলিশ আধিকারিকেরা তদন্তে নেমে জানতে পারেন, ওই সংস্থার কোনও বৈধ লাইসেন্সই নেই। এর পরেই যৌথ অভিযান চালিয়ে এসটিএফ এবং কসবা থানার পুলিশ বাগুইআটি থেকে আমন সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। আর সেই সূত্র ধরেই শুক্রবার রাতে হাওড়ায় অভিযান চালিয়ে গোয়েন্দারা সুনীল সাউকে গ্রেফতার করেন। এই চক্রে আরও অনেকে যুক্ত বলেই মনে করছেন গোয়েন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement