—প্রতীকী চিত্র।
ফের দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবারের এই ঘটনায় মারা গিয়েছেন কলকাতার বাগুইআটির বাসিন্দা এক যুবক। মৃত যুবকের নাম চিরঞ্জীব সরকার (৩৫)। এই ঘটনায় সমুদ্র স্নানের সময়ে পর্যটকদের সুরক্ষা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।
দিঘা থানা সূত্রের খবর, কলকাতার বাগুইআটির ওই যুবক কয়েক জনের সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন। শনিবার দুপুরে ওল্ড দিঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে ঘাটে স্নান করতে নেমেছিলেন তাঁরা। সেই সময় জোয়ারের জলের ধাক্কায় অনেকটা দূর চলে গিয়েছিলেন চিরঞ্জীব। একটা বড় ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান তিনি। সঙ্গীদের চিৎকার শুনে নুলিয়ারা সমুদ্রে নামেন এবং তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই যুবক মত্ত অবস্থায় সমুদ্রে নেমেছিলেন। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
ঘাট সংলগ্ন দোকানদারেরা বলেন, ‘‘একসঙ্গে পাঁচ-ছ’জন স্নান করতে নেমেছিলেন। তাঁরা যেখানে স্নান করছিলেন, সেখানে চড়ারোদ্দুর ছিল বলে নুলিয়ারাও আশপাশে ছিলেন না।’’ যদিও দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রের খবর, দিঘা এবং মন্দারমণির সৈকতে নজরদারির জন্য পর্যাপ্ত নুলিয়া মোতায়েন রয়েছে। সৈকতে বিভিন্ন ঘাট মোটা দড়ি দিয়ে ঘিরে রাখাহয়। সমুদ্রের গভীরে বা মত্ত অবস্থায় সমুদ্রে না নামতে সতর্ক করে মাইকে ঘন ঘন প্রচারও করা হয় বলে দাবি। প্রশাসনের অভিযোগ, কিন্তু অনেক পর্যটক তবুও নিয়ম মানেন না বলেই দুর্ঘটনা ঘটছে।
বিধাননগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধির স্বামী মৃণাল সর্দার জানান, চিরঞ্জীব তাঁদের ওয়ার্ডে হাতিয়াড়া হেলাবটতলা এলাকায় থাকতেন। ওই যুবক ক্যাটারিংয়ের কাজ করতেন বলে জানা গিয়েছে। যে দলের সঙ্গে ক্যাটারিং করতেন, তাঁদের সঙ্গেই পরিবার নিয়ে দিঘায় গিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে