ED summons Nusrat Jahan

রেশনের গম পাচার মামলা নয়, নুসরতকে ফ্ল্যাট প্রতারণার সেই পুরনো মামলাতেই তলব ইডির! সিজিও-তে ডাকা হয়েছে বুধবার

নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগটি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ইডি-র কাছে সরাসরি অভিযোগে জানিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৮
Share:

আবার নুসরত জাহানকে তলব করল ইডি। —ফাইল চিত্র।

রেশনের গম পাচার মামলায় নয়, অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ফ্ল্যাট প্রতারণার পুরনো মামলাতেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে। ওই মামলায় এর আগেও বসিরহাটের প্রাক্তন সাংসদকে সল্টলেকের নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত। ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। সেই সূত্রেই নুসরতকে আবার ডেকে পাঠানো হয়েছে।

তবে ইডি-র একটি সূত্রে এ-ও খবর, নুসরত কলকাতার দফতরে যেতে অনিচ্ছাপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন। তাই নির্দিষ্ট দিনে যদি তাঁকে দিল্লির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়, ভাল হয়— তিনি এমনটাই চেয়েছেন। সেই আর্জি মানা হয়েছে কি না, জানা যায়নি।

Advertisement

এর আগে ২০২৩ সালে ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। প্রায় ৬ ঘণ্টা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। নুসরতদের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ইডির কাছে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন তিনি। অভিযোগপত্রে বলা হয়েছিল, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছিল একটি সংস্থা। তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের কেউ-ই ফ্ল্যাট পাননি। টাকাও ফেরত পাননি। ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। অভিযোগ অস্বীকার করেছিলেন অভিনেত্রী। ওই সংস্থার ডিরেক্টর পদে থাকার কথা অস্বীকার করেছিলেন তিনি। নুসরত এ-ও জানিয়েছিলেন, তাঁর বিশ্বাস ইডি তাঁকে ডেকে পাঠাবে না। তিনি নির্দোষ। কিন্তু তাঁর ধারণা মেলেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছিল তাঁকে। এ নিয়ে সংশ্লিষ্ট মামলায় দ্বিতীয় বার তলব করা হল নুসরতকে।

(এই সংবাদটি গত সোমবার গুরুতর একটি ত্রুটি-সহ প্রকাশিত হয়েছিল। লেখা হয়েছিল, রেশনের গম পাচার মামলায় নুসরত জাহানকে তলব করেছে ইডি। যা সর্বৈব ভুল। নুসরতকে ইডি তলব করেছে তাঁর ফ্ল্যাট সংক্রান্ত পুরনো মামলায়। রেশন মামলায় কখনওই তাঁর নাম জড়ায়নি। বিষয়টি গোচরে আসার পরেই সেই প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছে। ওই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং নুসরত-সহ সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমাপ্রার্থী)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement