স্বপ্না বর্মণকে তৃণমূলে যোগদান করাচ্ছেন গৌতম দেব, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু। —ফাইল চিত্র।
বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ। ২০১৮ সালের এশিয়াডে সোনাজয়ী এই অ্যাথলিটের হাতে শুক্রবার দলীয় পতাকা তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।
তৃণমূল ভবনে গিয়ে রাজ্যের শাসকদলে যোগ দেওয়ার পর স্বপ্না বলেন, “আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওঁকে অনুসরণ করি।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, মানুষের জন্য কাজ করার উপযুক্ত মঞ্চ তৃণমূল। তাই তিনি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জলপাইগুড়ির কন্যা ২০১৮ সালে এশিয়াডে সোনা জিতলেও পরে চোটের কারণে খেলা ছাড়ার কথা জানিয়েছিলেন। বর্তমানে তিনি রেলকর্মী। জানুয়ারি মাসে শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে কিছু ক্ষণ কথাও হয়েছিল। সেই সময় স্বপ্না তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল।
স্বপ্নাকে পাশে বসিয়ে বিজেপিকে তোপ দাগেন ব্রাত্য, চন্দ্রিমারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, “দিল্লির রাস্তায় বসে ছিলেন দেশের মহিলা কুস্তিগিরেরা। সেই ঘটনা থেকে প্রমাণিত, বিজেপি কী ভাবে দেশের মহিলা ক্রীড়াবিদদের দেখে। ব্রিজভূষণের ছেলেকেও ভোটে টিকিট দিয়েছিল বিজেপি।” গৌতম বলেন, “রাজবংশী সম্প্রদায়ের মেয়ে স্বপ্না আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করেছে। এখন ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে ভূমিকা নেবে স্বপ্না।”