Rail hawkers Penalty

মোটা অঙ্কের জরিমানার কোপে রেলের হকারেরা

কেন্দ্রে ও রাজ্যে একই সরকার আসার পরে স্টেশনে স্টেশনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেল। ইতিমধ্যেই অসংখ্য হকার জীবিকা হারিয়েছেন।

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৮:৫২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এ যেন সাঁড়াশি আক্রমণ। যার জেরে অতিষ্ঠ রেলের হকারেরা। উচ্ছেদের পাশাপাশি এ বার তাঁরা বড় অঙ্কের জরিমানার কোপে!

ট্রেনে বা স্টেশনে ঘুরে পণ্য বিক্রি করেন যাঁরা, আগামী কাল, ১ জুলাই থেকে তাঁদের ২০০০ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে রেল। রেলের পরিসরে পণ্য বিক্রি করতে গিয়ে প্রথম বার ধরা পড়লে ওই টাকা জরিমানা। পরে একই কারণে ধরা পড়লে জরিমানা হবে ৫০০০ টাকা।

কেন্দ্রে ও রাজ্যে একই সরকার আসার পরে স্টেশনে স্টেশনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেল। ইতিমধ্যেই অসংখ্য হকার জীবিকা হারিয়েছেন। তারই মধ্যে নতুন এই জরিমানা বিধি নিয়ে শঙ্কিত তাঁরা। ট্রেনে বা প্ল্যাটফর্মে হকারদের ফেরি করতে না দেওয়ার বার্তা ইতিমধ্যেই আরপিএফ সূত্রে রটে গিয়েছে। যদিও রেল সরকারি ভাবে এখনও কিছু জানায়নি।

রাজ্যে হাওড়া, শিয়ালদহ, খড়্গপুর, আসানসোল, মালদহ ডিভিশন মিলে প্রায় ৭০ হাজার হকার রয়েছেন বলে জানাচ্ছেন হকার সংগঠনের নেতৃত্ব। শুধু শিয়ালদহ ডিভিশনেই দৈনিক ২৫-৩০ হাজার হকার ট্রেনে ফেরি করেন। গত রবিবার কার্তিক সাউ নামে বছর ৫৯-এর এক ঝালমুড়ি বিক্রেতা কাঁকিনাড়া স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে খবর। কারণ, তিনি এই বিষয়টি নিয়ে আতঙ্কিত ছিলেন বলে তাঁর পরিবার জানাচ্ছে।

রেলের আইন অনুযায়ী, চলন্ত ট্রেনে বা প্ল্যাটফর্মে পণ্য ফেরি নিষিদ্ধ। অতীতে হকারদের জরিমানা করা হলেও মানবিক কারণে কিছু বলা হত না, জানাচ্ছেন হকার সংগঠনের নেতৃত্ব। ২০১৪ সালে হকারদের জীবিকা সুরক্ষিত করতে যে আইন আনা হয়েছিল, তাতে ট্রেনে ভ্রাম্যমাণ হকারদের উল্লেখ নেই বলেই জানাচ্ছেন জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস। তিনি বলেন, ‘‘হকারদের নিয়ে রেলের অবস্থান কী হয়, তা দেখে কর্মসূচি স্থির হবে।’’ এর আগে বেসরকারি সংস্থার কর্মী হিসেবে হকারদের নথিভুক্ত করিয়ে বড় বাণিজ্যিক সংস্থার স্বার্থে লাগানোর চেষ্টা হয়েছে বলে জানাচ্ছেন সিদ্ধব্রত।

এআইইউটিইউসি-র অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শান্তি ঘোষ বলেন, ‘‘রেল ন্যূনতম লাইসেন্স ফি ধার্য করে হকারদের বৈধ ভাবে ব্যবসার সুযোগ দিক। তা না করে উচ্ছেদ করা হলে রাজনৈতিক প্রতিরোধ আসবে।’’ সিটুর পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের উচ্ছেদ বিরোধী লড়াইয়ে ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ মিলেছে বলে খবর। সংগঠনের রাজ্য সম্পাদক দীপঙ্কর শীল বলেন, ‘‘ট্রেনে এবং প্ল্যাটফর্মে ফেরি করা হকারদের নিয়েও আন্দোলনের প্রস্তুতি চলছে। রেল কী অবস্থান নিচ্ছে দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন