TMC-BJP Clash Near House of Shashi Panja

গিরিশ পার্কে বিজেপি-তৃণমূলের মধ্যে পাথর ছোড়াছুড়ি! বৌবাজার থানার ওসি-সহ জখম অনেকে, মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলা

বিজেপির অভিযোগ, তাদের ব্রিগে়ডমুখী বাসে তৃণমূল পাথর ছোড়ে, সেখান থেকেই গোলমালের সূত্রপাত। তৃণমূলের পাল্টা দাবি, মন্ত্রীর বাড়িতে হামলা এবং ভাঙচুরের পরেই তারা প্রতিরোধে নামে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৩:৫৬
Share:

শনিবার দুপুরে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। — নিজস্ব চিত্র।

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। তৃণমূল কর্মীদের দাবি, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীরা এ সব করেছেন। মন্ত্রীর অভিযোগ, তিনিও আক্রান্ত হয়েছেন। বিজেপির পাল্টা অভিযোগ, গিরিশ পার্ক দিয়ে যাওয়ার সময় তাদের কর্মীদের বাস লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও তাদের অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। বিজেপি জানিয়েছে, দলের উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। তমোঘ্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গিরিশ পার্কে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

Advertisement

ভেঙেছে মন্ত্রী শশী পাঁজার বাড়ির জানলার কাচ। — নিজস্ব চিত্র।

শনিবার দুপুরে ব্রিগেডে সভা রয়েছে মোদীর। গিরিশ পার্কে তৃণমূল কর্মীদের একাংশ জানিয়েছেন, সেই সভায় যোগ দিতে যাওয়ার সময়ে একদল বিজেপি কর্মী শশীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন। শশী বলেন, ‘‘বিজেপির গুন্ডারা এ সব করেছে। আজ যে বাসগুলি ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোমা। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে।’’

গিরিশ পার্কে মোতায়েন করা হয়েছে পুলিশ। — নিজস্ব চিত্র।

কী ভাবে ঘটনার সূত্রপাত? শশী জানিয়েছেন, গিরিশ পার্কে তাঁর বাড়ির আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার, ফ্লেক্স ছিল। বিজেপি কর্মীরা সেখান দিয়ে যাওয়ার সময় বাস থেকে নেমে এসে সে সব পোস্টার ছিঁড়ে দেন। তার পরে বাসে উঠে যান। এর পরে আবার তৃণমূল কর্মীরা সেই পোস্টার লাগাতে গেলে বাস থেকে নেমে এসে বিজেপির কর্মীরা মারধর শুরু করেন বলে অভিযোগ।

Advertisement

নিজের আঘাত দেখাচ্ছেন বিজেপি কর্মী। — নিজস্ব চিত্র।

শশী জানান, সেই সময় তাঁর বাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়া হয়। জানলার কাচ ভেঙে দেওয়া হয়। শশীর কথায়, ‘‘এরা খুনও করতে পারে। এরা গুন্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন!’’

বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের বাস লক্ষ্য করে ইট ছোড়েন। আহত হন বেশ কয়েক জন বিজেপি কর্মী। আহত হন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিগেডগামী বাসেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় আহত হয়েছেন বৌবাজার থানার ওসি। গিরিশ পার্কে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement