কলকাতামুখী বিমানে ফের বোমাতঙ্ক। — প্রতীকী চিত্র।
একই দিনে জোড়া বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। এ বার ডিব্রুগড় থেকে কলকাতামুখী একটি বিমানে। সূত্রের খবর, ইন্ডিগোর ওই বিমানের শৌচালয়ে লিপস্টিক দিয়ে সন্দেহজনক কিছু বার্তা লেখা ছিল। সেখান থেকেই বোমাতঙ্ক ছড়ায়। যদিও শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করেছে কলকাতা বিমানবন্দরে।
ইন্ডিগো উড়ান সংস্থার ৬ই৬৮৯৪ বিমানটি শনিবার সন্ধ্যায় অসমের ডিব্রুগড় থেকে কলকাতায় এসে পৌঁছোয়। সন্ধ্যা ৬টার কিছু আগে বিমানটি রওনা দেয় ডিব্রুগড় থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করে সন্ধ্যা ৭টা ৩৭মিনিটে। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে সেটিকে নিরাপত্তাবিধি অনুযায়ী একটি ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয়। সব যাত্রীকে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ওই বিমান থেকে সন্দেহজনক কিছুই মেলেনি।
সূত্রের খবর, বিমানটির শৌচালয়ে লিপস্টিক দিয়ে কেউ এমন কিছু লিখে রেখেছিলেন, যা থেকে বোমাতঙ্ক ছড়িয়েছে। তবে কী লেখা ছিল শৌচালয়ের ভিতরে, কে লিখে রেখেছিলেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।
শনিবার সকালেও কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর একটি বিমানে হুমকি-চিরকুট পাওয়া যায়। বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতা থেকে শিলংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে বিমানের শৌচাগারে একটি চিরকুট দেখতে পান বিমানকর্মীরা। তাতে লেখা ছিল, ‘বিমানে বোমা রাখা আছে’। আর তার পরই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
শিলংগামী বিমানে বোমাতঙ্ক ছড়ানোর পরে ওই বিমানটিকে বিমানবন্দরের ‘আইসোলেশন বে’-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর সূত্রে খবর, বোমাতঙ্ক ছড়াতেই যাত্রীদের নামিয়ে ইন্ডিগোর ওই বিমানে তল্লাশি শুরু হয়। তল্লাশির পর বিমানটিকে দুপুর দেড়টা নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয়। সকালের ওই ঘটনার ক্ষেত্রেও শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু বস্তু পাওয়ার খবর প্রকাশ্যে আসেনি।