কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কিডনি বিক্রি চক্রে জড়িত থাকার অভিযোগে ধৃত দুই মহিলার জামিনের আর্জি খারিজ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ। কোর্ট সূত্রের খবর, মৌসুমী সর্দার ও পিয়ালী দে নামে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা ওই দুই মহিলাকে গত বছরের মার্চে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় জামিনের আর্জি জানায় তারা। ধৃতদের আইনজীবীদের যুক্তি ছিল, এই মামলায় অন্য দুই অভিযুক্ত জামিন পেয়েছেন। তা ছাড়া, মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন আইন অনুযায়ী, এই তদন্ত করার এক্তিয়ার পুলিশের নেই।
এ দিন সরকারি কৌঁসুলি অন্তরীক্ষ বসু কোর্টে জানান, অভিযোগকারিণী-সহ এই চক্রের শিকার তিন মহিলার বয়ানে পিয়ালী ও মৌসুমীর বিরুদ্ধে চক্রে জড়িত থাকার কথা উঠে এসেছে। মূল অভিযুক্ত শীতল সর্দারের নির্দেশে কিডনি দাতাদের স্বাস্থ্য পরীক্ষা এবং অঙ্গদানের নকল নথি তৈরি করতে নিয়ে যেত পিয়ালী ও মৌসুমী, সেই তথ্যপ্রমাণ পুলিশের কাছে আছে।
কোর্টের খবর, ঋণের টাকা উসুল করতে জোর করে কিডনি বিক্রি করানোর অভিযোগ উঠেছিল অশোকনগরের বাসিন্দা শীতল ঘোষ, গৌর সর্দার এবং গুরুপদ জানার বিরুদ্ধে। তদন্তে মৌসুমী ও পিয়ালীর নাম উঠে আসে। এক মহিলার স্বামী অভিযোগ করেন, তিনি শীতলের কাছ থেকে ঋণ নেন। ঋণের টাকা আদায় করতে ওই ব্যক্তির স্ত্রীকে দিয়ে জোর করে কিডনি বিক্রি করায় শীতল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে